আবরার ফাহাদ হত্যা মামলার বিচার আটকে আছে কোন পর্যায়ে?

বাহাউদ্দিন ইমরান
০৬ অক্টোবর ২০২৬, ২৩:১৫ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২৩:২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচার এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায়। বিচারিক আদালত ও হাইকোর্টে ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকার পর মামলাটি সর্বোচ্চ আদালতে গেলেও এখনও শুনানির জন্য কার্যতালিকায় ওঠেনি।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় করা মামলার বিচার শুরু হয় ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা আপিল ও জেল আপিল করেন।

দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। অর্থাৎ ২০ আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা আপিল ও লিভ টু আপিল করেছেন। রাষ্ট্রপক্ষ অবশ্য নতুন করে আপিল করেনি। কারণ হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

এখন মামলা যে অবস্থায়

হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। কিন্তু সেখানে এখনও মূল আপিলের শুনানি শুরু হয়নি। আসামিপক্ষের আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার প্রায় ১০ হাজার পৃষ্ঠার পেপারবুক প্রস্তুত হয়েছে। তবে মামলাটি এখনও আপিল বিভাগের কার্যতালিকায় ওঠেনি।

আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছেন, আপিল শুনানির আগে নিয়ম অনুযায়ী দুই পক্ষের কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার বিষয় রয়েছে। এরপর পেপারবুক প্রস্তুত করে চেম্বার জজের মাধ্যমে শুনানির জন্য মামলাটি নির্ধারণের প্রক্রিয়া রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত চেম্বার আদালত থেকে কনসাইজ স্টেটমেন্ট চাওয়া হয়নি এবং আপিল শুনানির জন্য আসামিদের কাছ থেকেও নির্দেশনা পাওয়া যায়নি।

অপরদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের বক্তব্য অনুযায়ী, আপিল বিভাগের মামলাগুলো সাধারণত সন-তারিখের ভিত্তিতে কার্যতালিকায় আসে। তবে প্রধান বিচারপতি চাইলে কোনও মামলাকে অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানির সুযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষ কী বলছে?

আবরার হত্যা মামলার আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, মামলাটি বর্তমানে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। শুনানি শুরু হলে রাষ্ট্রপক্ষ কোনও ধরনের বিলম্ব করবে না এবং মুলতবি প্রার্থনাও করবে না।

তিনি বলেন, দ্রুত বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। মামলাটি দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

হাইকোর্ট যা বলেছিলেন

২০ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার রায়ে হাইকোর্ট আবরার হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে উল্লেখ করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ঘটনাটি আকস্মিক ছিল না; পূর্বপরিকল্পনার অংশ হিসেবেই আবরারকে হত্যা করা হয়।

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে ১৬ মার্চ রায় ঘোষণা করা হয়।

সাত বছর পরও চূড়ান্ত রায় নয়

২০১৯ সালের হত্যাকাণ্ডের পর ২০২১ সালে বিচারিক আদালতের রায় এবং ২০২৫ সালে হাইকোর্টের রায় হয়েছে। কিন্তু সাত বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়নি। ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সাজা এখনও চূড়ান্তভাবে কার্যকর হওয়ার পর্যায়ে যায়নি।

আবরারের বাবা বরকত উল্লাহ মামলাটি বিশেষ বিবেচনায় অগ্রাধিকার দিয়ে কার্যতালিকায় এনে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। পরিবারের প্রত্যাশা, আপিল বিভাগের শুনানি দ্রুত শেষ করে চূড়ান্ত বিচার নিশ্চিত করা হবে।

সাজাপ্রাপ্ত আসামি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৫তম ব্যাচ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু (মেকানিক্যাল ইঞ্জনিয়ারিং, ১৫তম ব্যাচ), সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির (ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), সদস্য মুনতাসির আল জেমি (এমআই বিভাগ), সদস্য মোজাহিদুর রহমান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), সদস্য হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), সদস্য এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭তম ব্যাচ), মাজেদুর রহমান মাজেদ (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ), খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর (মেকানিক্যাল, ১৭তম ব্যাচ), মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মিজানুর রহমান (ওয়াটার রিসোসের্স, ১৬ ব্যাচ), শামছুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), উপ-দপ্তর সম্পাদক মুজতবা রাফিদ (কেমিকৌশল) এবং এসএম মাহামুদ সেতু (কেমিকৌশল)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলো- বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (১৪তম ব্যাচ, সিই বিভাগ), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না (মেকানিক্যাল, তৃতীয় বর্ষ), আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা (সিভিল ইঞ্জিনিয়ারিং), সদস্য আকাশ হোসেন (সিই বিভাগ, ১৬তম ব্যাচ) ও মোয়াজ আবু হোরায়রা (সিএসই, ১৭ ব্যাচ)।

/বিআই/এম/
সম্পর্কিত
রংপুরে ৪ খুন: জিজ্ঞাসাবাদ শেষে আসামি সিদ্ধার্থের বাবা-ভাইকে ছেড়ে দিয়েছে পুলিশ 
গড়াই নদীর ওপর শহীদ আবরার ফাহাদের নামে সেতুর দাবিতে সমাবেশ
আবরার ফাহাদের মৃত্যু জুলাই গণঅভ্যুত্থানের বড় প্রেরণা: তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, আরও ৪ হাজার নিতে এসে আটক
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের ড্রোন হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বোমারু বিমান সরিয়েছে যুক্তরাষ্ট্র
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
সর্বাধিক পঠিত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব