রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।
গুলশান থানা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি আবাসিক এলাকার গৃহস্থালি বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন। পাশাপাশি ‘রুবি এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের লিফলেট বিতরণ করে বর্জ্য অপসারণের টাকা তাদের দিতে হবে বলে দাবি করেন তারা।
এরপর গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গুলশান থানা পুলিশের একটি দল তদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে খিলক্ষেত থানাধীন আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গুলশান থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে