‘পুলিশ বাহিনী যেহেতু ইকুইপ্ট নয়, সুতরাং পুলিশ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদক নির্মূলের সিদ্ধান্ত নিয়েছিলাম। থানাকে জানিয়ে ঘুণ্টিঘর এলাকায় মাদক নির্মূলের অভিযানে গিয়েছিলাম। ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রেখেছিলাম।’
সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়া এই সংসদ সদস্যের মন্তব্যের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, পুলিশ সবসময়ই ইকুইপ্ট থাকে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ সবসময়ই ইকুইপ্ট থাকে।
তিনি আরও বলেন, ইশরাক হোসেন যে এলাকায় অভিযান চালিয়েছেন, সেখানেও পুলিশ সদস্যরা ছিলেন। তবে ওই অভিযানকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের কোনও গাফিলতি ছিল কিনা, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। কারও অবহেলা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন আরও বলেন, গেন্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় পুলিশ যেতে সাহস পায় না, কারণ সেখানে ওপর থেকে গুলি করা হয়। ওই এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদক ছড়িয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে মাদকের হাব ধ্বংস করতে সেখানে অভিযান চালিয়েছিলেন বলেও জানান তিনি।