রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ (৫৫) চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্য ব্যক্তিরা হলো— পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শনিবার ভোর ৩টার দিকে পল্লবীর আজিজ মার্কেটের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান।
পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২ এর ব্লক-সি (পুরানো থানার নিকটবর্তী) এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক স্লোগান (‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে লড়াই করো’) সংবলিত লিফলেট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিরা এলাকায় এসব লিফলেট বিতরণ করছিল এবং বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।