অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তাসহ আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এই মামলায় সব সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে এসব সাক্ষীরা সাক্ষ্য দেন। আগামী ২৫ নভেম্বর যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে মামলাটির সাক্ষীগ্রহণ শেষ হয়েছে। এরপর এই মামলায় যুক্তিতর্ক বিষয়ে শুনানি হবে।
অপর সাক্ষীরা হলেন কুমিল্লা গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশকী সৌমিত রায়, বান্দরবানের উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুয়েল মজুমদার এবং কক্সবাজার উত্তর বিভাগের বন মামলার পরিচালক জহিরুল রহমান। এছাড়া সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম।
এদিকে, আসামি বেনজীর পলাতক থাকায় তার পক্ষে আইনজীবী সাক্ষীদের জেরা করার সুযোগ পাননি।
এর আগে ৮ মার্চ মামলার চার্জশিট আমলে গ্রহণ করে বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগে তার বিরুদ্ধে চার্জশিট দেন হাফিজুল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য ঘোষণা করেছিলেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ মেলে। এর বিপরীতে তার বৈধ আয় পাওয়া যায় ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। পারিবারিক ব্যয় বাদে তার কাছে সঞ্চয় থাকার কথা ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ মোট ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকের তদন্তে প্রতীয়মান হয়।
আরও বলা হয়েছে, সাবেক এই পুলিশ কর্মকর্তা তার অর্জিত অবৈধ সম্পদের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যৌথ মূলধনি কারবারে তা রূপান্তর, স্থানান্তর ও বিনিয়োগ করেছেন।
এদিকে, মামলাটির বিচারকালে গত ৭ অক্টোবর মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। ওই চার্জশিটে বেনজীর আহমেদ ও তার স্ত্রী এবং কন্যার দেশে ও বিদেশে জ্ঞাত আয়বহির্ভূত ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার সম্পদ অর্জন করেছেন উল্লেখ করা হয়।
এছাড়াও চার্জশিট মোট সাক্ষীর সংখ্যা ৪৭ জন করা হয়েছে।