বসন্ত উদযাপন উপলক্ষে যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কের্টে আয়োজন করা হয়েছিল ‘বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সারা দেশ থেকে ৫৭০০ প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে ১০০ জনকে বাছাই করে ৭ দিন ব্যাপী গ্রুমিং ক্লাস থেকে ২০ জনকে বাছাই করা হয় চূড়ান্ত পর্বের জন্য। চূড়ান্ত পর্বের মঞ্চ থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে।
প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নাচ, তারকাদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্সসহ নানা পর্ব নিয়ে সাজানো হয়েছিল এ আয়োজন। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী, অভিনেত্রী শম্পা রেজা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, নির্মাতা চন্দন রায় চৌধুরী, এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। সেরা ১০ জন থেকে বিচারকদের রায়ে ২য় রানার আপ হয়েছেন রাহেলা নাবিলা তোড়া। ১ম রানার আপ হয়েছেন জারিফা মাহমুদ জলছবি এবং বিশ্বরঙ বাসন্তী সুন্দরী হয়েছেন নীলাঞ্জনা রহমান। এছাড়াও নিপা চৌধুরী পেয়েছেন বিশ্ব অনন্যা সম্মাননা-২০২২।
জমকালো এ আয়োজনে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, বেক্সিমকো গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আশিষ রায় চৌধুরী, সংগীতশিল্পী কর্নিয়া, লাক্স ফটো সুন্দরী রেবেকা সুলতানা দীপা, নায়ক শিপন মিত্র। সংগীতশিল্পী কোনাল, নৃত্যশিল্পী রুমানা রওশন, সংগীতশিল্পী তারিক মৃধা, মডেল ও অভিনেতা সাঞ্জু জন, আরজে ও সংগীতশিল্পী রেহান, সংগীতশিল্পী সালমা, সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল, মডেল ও চিত্রনায়িকা জাহারা মিতুসহ মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আরও অনেকে।







