ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের (এফডিসিবি) আয়োজনে শুরু হতে যাচ্ছে এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন উইক-২০২৩। আগামী ১৬ ও ১৭ মার্চ রাজধানীর আলোকি কমিউনিটি সেন্টারে হবে এ আয়োজন।
রবিবার (১২ মার্চ) গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফডিসিবি’র প্রেসিডেন্ট মাহিন খান এ ঘোষণা দেন।
এ বছর এফডিসিবি বাংলাদেশ ফ্যাশন উইকের থিম হলো ‘পোশাক এবং প্রকৃতি একই সুতোয় গাঁথা’। বাংলার হাজার বছরের সমৃদ্ধ লোকজ ঐতিহ্য, টেকসই নকশা কাপড়ের ক্যানভাসে ফুটে উঠবে বাংলাদেশ ফ্যাশন উইকে।
এই ফ্যাশন শোতে এফডিসিবির ১৮ জন সদস্য ডিজাইনার এবং ছয় জন ভারতীয় ডিজাইনার তাদের সৃষ্টিকর্ম প্রদর্শন করবেন। শোর মাধ্যমে ফ্যাশন ডিজাইনার, রিটেলার এবং বিলাস পণ্যের ভোক্তা ও সরবরাহকারী অংশীজনেরা একই প্ল্যাটফর্মে একত্রিত হবেন।
ফ্যাশন উইকে বাংলাদেশি ডিজাইনারদের মধ্যে রয়েছেন– মাহিন খান, শৈবাল সাহা, চন্দনা দেওয়ান, কুহু প্লামন্দন, ফাইজা আহমেদ, লিপি খন্দকার, শাহরুখ আমিন, নওশীন খায়ের, তেনজিং চাকমা, রিফাত রহমান, আফসানা ফেরদৌসি, তাসফিয়া আহমেদ, রুখসানা এসরার, তানহা শেখ, সাদিয়া রুপা, ইমাম হাসান, কামরুল হাসান রিয়াদ এবং মাধুরী সঞ্চিতা।
ভারতীয় ডিজাইনারদের মধ্যে রয়েছেন– সৌমিত্র মণ্ডল, রিমি নায়াক, পারমিতা ব্যানার্জী, গুঞ্জন জৈন ইবালারিহুন পিওরয় মাল্লাই, লালথলেনমাওইয়া চেংকুওয়ালা।
বাংলাদেশ ফ্যাশন উইকের পাওয়ার পার্টনার হচ্ছে এপেক্স ফুটওয়ের লিমিটেড। কার পার্টনার হিসেবে রয়েছে হুন্দাই মটরস লিমিটেড। কমিউনিটি ব্যাংক এই অনুষ্ঠানের ব্যাংকিং পার্টনার।
এছাড়াও দুদিনের এই ফ্যাশন যজ্ঞের সহযোগী হিসেবে রয়েছে বাই হেয়ার নাউ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, স্ট্রেক্স, মায়া, উজ্জ্বলা কেয়ার, ন্যাচুরা কেয়ার লিমিটেড।
সেরা ডিজিটাল থ্রিসিক্সটি এই অনুষ্ঠানটির আয়োজকের দায়িত্ব পালন করছে। এছাড়া হোটেল দ্য ওয়েঢাকা রয়েছে আতিথেয়তা সহযোগী হিসেবে। আলোকি এই অনুষ্ঠানের ভেন্যু পার্টনার। আইস টুডে ম্যাগাজিন রয়েছে ম্যাগাজিন পার্টনার হিসেবে।
বাংলাদেশ ফ্যাশন ডিজাইন কাউন্সিল একটি অলাভজনক সংগঠন। বাংলাদেশের লোকজ ঐতিহ্যকে পুনর্জীবিত করার লক্ষে টেকসই ফ্যাশন এবং কারিগরদের শৈল্পিক চর্চার প্রসারের উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। মাহিন খানের নেতৃত্বে এই সংগঠনে বাংলাদেশ মেধাবী ফ্যাশন ডিজাইনাররা একত্রিত হয়েছেন।









