পেশাদার রন্ধনশিল্পীদের রান্না স্বাদ ও গন্ধে হয় সেরা। এর কারণ জানেন? রান্নার খুঁটিনাটি বিষয়গুলোর উপরেও তাদের দক্ষতা থাকে তুখোড়। যেমন তরকারিতে লবণ দেওয়ার কথাই ধরুন। আমরা ভাবি এক সময় লবণ দিয়ে দিলেই হলো। কিন্তু খাবারের স্বাদ, রঙ ও গন্ধ ঠিকঠাক রাখতে লবণ কখন দেবেন সেটা বেশ জরুরি। কিছু রান্নার শুরুতে লবণ দিতে নিরুৎসাহিত করেন রন্ধনশিল্পীরা। আবার কিছু রান্নার শুরুতে লবণ না দিলে খেতে ভালো হয় না।
- মাছ-মাংস রান্নার শুরুতেই লবণ দিয়ে দিন। সবচেয়ে ভালো হয় লবণ, হলুদ ও মসলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে।
- লবণ খাবারে প্রবেশ করতে বেশ কিছুটা সময় নেয়। তাই একেবারে রান্নার শেষে দেবেন না লবণ।
- খাবার ৬০ শতাংশ সেদ্ধ হলেই লবণ দিয়ে দেওয়া উচিত।
- কোনও কিছু ভাজার ক্ষেত্রে একেবারে শুরুতে লবণ দেবেন না। কারণ লবণ দিলে পানি ছেড়ে দেয়। ফলে তরকারি নেতিয়ে যায়।
- শাক রান্নার ক্ষেত্রে লবণের আন্দাজ পাওয়া একটু কষ্টকর হয় শুরুতে। কারণ কিছুখকন পর শাক মিইয়ে পরিমাণ কমে আসে। সেক্ষেত্রে শাক কিছুটা মিইয়ে যাওয়ার পর লবণ দিন।
- পেঁয়াজ ভাজার সময় লবণ দেবেন না। পানি ছেড়ে দেবে পেঁয়াজ। হলুদ, মরিচ যোগ করার পর তারপর দিন লবণ।
- গাজর বা এই ধরনের শক্ত সবজি রান্নার ক্ষেত্রে লবণ শুরুতে দিয়ে দিলেই ভালো করবেন।
- পাস্তা এবং আলু সেদ্ধ করার সময় শুরুতেই পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিন।









