আগে কোরবানির ঈদে বড় হাঁড়িতে বেশি করে মাংস রান্না করা হতো। সেই মাংস প্রতিদিন জ্বাল দিতে দিতে তৈরি হতো মজাদার ঝুরা মাংস। এই ঝুরা মাংস স্বাদে অতুলনীয়। তবে এখন আর আগের মতো বড় হাঁড়িতে বেশি মাংস রান্না করা হয়ে ওঠে না। তবে তাই বলে কি ঝুরা মাংসের মজার স্বাদ থেকে বঞ্চিত হবেন? অল্প মাংস দিয়েই কীভাবে ঝুরা মাংস রান্না করবেন, সেটাই জেনে নিন।
আধা কেজি মাংস ধুয়ে ছোট টুকরা করে কেটে নিন। এর সঙ্গে মেশান ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ জিরা বাটা, ১/৪ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ কিংবা স্বাদ মতো মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ কিংবা স্বাদ মতো লবণ ও ৩ টেবিল চামচ রান্নার তেল। হাত দিয়ে ভালো করে মেখে নিন মাংস। ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর চুলায় বসিয়ে ৩ কাপ পানি দিন। ফুটতে শুরু করলে ঢেকে দিন হাঁড়ি। মাংস একেবারে নরম হয়ে যাওয়ার পর নামিয়ে নিন। সামান্য ঝোল রাখবেন। হাত দিয়ে মাংস ছিঁড়ে নিন।
চুলায় আরেকটি প্যান বসান। ১/৪ কাপ তেলে ১ কাপ পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ নরম হয়ে গেলে ১ চা চামচ আদা বাটা ও আধা চা চামচ রসুন বাটা দিয়ে নাড়ুন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আধা চা চামচ ছনিয়ার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, ১/৪ চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ গরম মসলার গুঁড়া দিন। নেড়েচেড়ে ছিঁড়ে রাখা মাংস দিন। মসলার সঙ্গে ভালো করে ভুনে নিন। রঙ বদলে কালচে হয়ে আসলে নামিয়ে পরিবেশন করুন।









