রান্নাঘরের তাপমাত্রা বেশি থাকে বেশিরভাগ সময়েই। ফলে রান্নাঘরে কিছু জিনিস সংরক্ষণ না করলেই ভালো করবেন। বিশেষ করে কিচেন কাউন্টারটপে এসব খাবার সংরক্ষণ করলে সতেজতা হারিয়ে যেতে পারে। কোন কোন খাবার কাউন্টারটপ থেকে সরিয়ে প্যান্ট্রি বা ফ্রিজে রাখবেন জেনে নিন।
- ঝটপট ডিম ভাজি করার সুবিধার্থে রান্নাঘরের কাউন্টারটপে ডিম রেখে দেবেন না। এতে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে ডিম, বিশেষ করে তাপমাত্রার ওঠানামার সময়। ব্যাকটেরিয়া উষ্ণ পরিবেশ পছন্দ। ফলে গ্যাসের চুলার গরমে ডিম নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ডিম ফ্রিজে রেখে দিন সতেজ রাখতে চাইলে।
- পাউরুটি টোস্ট করবেন বলে রান্নাঘরেই রেখে দিয়েছেন? এটি কিন্তু স্বাদ হারিয়ে ফেলবে উত্তাপের কারণে। রুটির বাক্সে সংরক্ষণ করুন পাউরুটি। বেশ কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ফ্রিজে রেখে দিন।
- রান্নাঘরের কাউন্টারে ঝুড়িতে পেঁয়াজ রাখতে পারেন। তবে বেশিদিনের জন্য রাখবেন না। এতে পেঁয়াজ অঙ্কুরিত হতে পারে। পেঁয়াজ অনেকদিন পর্যন্ত ভালো থাকে প্যান্ট্রির মতো শীতল, শুকনো জায়গায়। এগুলোকে আলু থেকেও দূরে রাখুন, কারণ এতে দুটো সবজিই দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। প্লাস্টিকের ব্যাগেও রাখবেন না পেঁয়াজ।
- রান্নাঘরের কাউন্টারটপে টমেটো সংরক্ষণ করবেন না। খোলা এবং উত্তপ্ত জায়গায় রাখলে দ্রুত পেকে যায় টমেটো। একটি ছায়াযুক্ত জায়গায় পুরোপুরি না পাকা পর্যন্ত রাখুন টমেটো। পেকে গেলে ফ্রিজে রাখুন।
- অঙ্কুরোদগম এড়াতে স্টার্চি আলু শীতল, অন্ধকার পরিবেশে রাখুন। যেমন প্যান্ট্রি বা ক্যাবিনেটে রাখুন আলু।
তথ্যসূত্র: এনডিটিভি









