কিছু খাবার আছে যেগুলো রান্না ও খাওয়ার আগে নির্দিষ্ট সময় ভিজিয়ে রাখা জরুরি। এতে এগুলোর পুষ্টিগুণ বাড়ে এবং দ্রুত হজম করা সম্ভব হয়। ভিজিয়ে রাখার ফলে খাবারের অ্যান্টি-নিউট্রিয়েন্টগুলো ভেঙে যায়। এই প্রক্রিয়াটি বিষাক্ত পদার্থ কমাতে এবং প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থের শোষণ বাড়াতে সাহায্য করে। জেনে নিন কোন কোন খাবার খাওয়ার আগে ভিজিয়ে রাখা ভালো।
- বাদাম এবং বীজজাতীয় খাবার খাওয়ার আগে ভিজিয়ে রাখবেন। বাদাম, আখরোট, চিয়া বীজ এবং তিসির বীজে ফাইটিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়ামের মতো বেশ কয়েকটি প্রধান খনিজ গ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে এই বাদাম এবং বীজে ফাইটিক অ্যাসিডের মাত্রা কমে যায়, ফলে হজম করা সহজ হয়।
- ব্রকলি, বাঁধাকপি এবং ফুলকপির মতো সবজি রান্নার আগে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এগুলোতে এমন কিছু যৌগ থাকে যা বেশি পরিমাণে খাওয়া হলে আয়োডিনের শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ভিজিয়ে রাখলে এই যৌগগুলোর বেশিরভাগই বেরিয়ে যায়।
- মসুর ডাল, ছোলা এবং অন্যান্য ডাল প্রোটিন, ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিতে ভরপুর। তবে এগুলোতে ল্যাকটিন এবং ফাইটিক অ্যাসিড নামক যৌগ থাকে, যা হজমশক্তি হ্রাস করতে পারে এবং পুষ্টির শোষণকে ব্যাহত করতে পারে। রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে এই পদার্থগুলো কমে যায়।
- ওটস খাওয়ার আগে ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিডের মাত্রা কমে যায়। ওটসে থাকা স্টার্চগুলোও ভেঙে ফেলে এই প্রক্রিয়া। ফলে হজম করা সহজ হয়।
- বিভিন্ন ধরনের শুকনা ফল খাওয়ার আগে ভিজিয়ে রাখুন। কারণ ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ এসব ফল শুকানোর প্রক্রিয়ার কারণে অনেক সময়ই হজম করতে কষ্ট হয়। খাওয়ার আগে শুকনো ফল ভিজিয়ে রাখলে এগুলো নরম হয় এবং সহজে হজম হয়। এটি চিনির ঘনত্বও হ্রাস করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া









