মঞ্চে শাকিরার উপস্থিতি মানেই শুধু গান ও নাচ নয়, নজরকাড়া ফ্যাশনও। মাদ্রিদে চলমান কনসার্ট রেসিডেন্সিতে এবার ভারতীয় ডিজাইনার গৌরব গুপ্তের বিশেষ নকশায় হাজির হলেন এই জনপ্রিয় গায়িকা। ধাতব ভাস্কর্যধর্মী ব্রেস্টপ্লেটের সঙ্গে ঐতিহ্যবাহী বেনারসি সিল্কের স্কার্ট দুই ভিন্ন ধারার এই সমন্বয়ে শাকিরার সাজ পেয়েছে নাটকীয় ও আধুনিক এক আবহ।
পোশাকটির কেন্দ্রীয় আকর্ষণ ‘শি-উলফ’ বা নারী নেকড়ের অবয়ব। শাকিরার শিল্পীসত্তার সঙ্গে এই প্রতীকটির একটি বিশেষ যোগ রয়েছে। গৌরব গুপ্ত সেটিকে সাধারণ অলংকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরো ব্রেস্টপ্লেটের নকশার গুরুত্বপূর্ণ অংশ হিসাবে তুলে ধরেছেন।
ধাতব ব্রেস্টপ্লেটে নেকড়ের অবয়ব
পিতলের তৈরি ব্রেস্টপ্লেটটি এমনভাবে গড়ে তোলা হয়েছে, যাতে সেটি অনেকটা শরীরের বর্মের মতো মনে হয়। ধাতব পৃষ্ঠজুড়ে নিখুঁত কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে নেকড়ের অবয়ব। এর গঠন, আকৃতি ও ত্রিমাত্রিক আবহ পোশাকটিকে দিয়েছে ভাস্কর্যের মতো চেহারা।
তবে এই কঠিন ও ভবিষ্যৎধর্মী কাঠামোর সঙ্গে রয়েছে নরম ও ঐতিহ্যবাহী বেনারসি সিল্কের স্কার্ট। বেনারসি সিল্ক ব্রোকেডের সমৃদ্ধ বুনন ধাতব ব্রেস্টপ্লেটের বিপরীতে তৈরি করেছে চমৎকার বৈপরীত্য। ভারতীয় বয়ন ঐতিহ্যের সঙ্গে আধুনিক কুট্যুরের এই পোশাকটির অন্যতম আকর্ষণ।
পুরো পোশাকটি তৈরি করতে লেগেছে ৫০০ ঘণ্টারও বেশি সময়। নকশাটি বাস্তবায়নে কাজ করেছেন ১০ জনের বেশি দক্ষ কারিগর। ফলে মঞ্চের কয়েক মিনিটের পারফরম্যান্সের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের পরিকল্পনা, কারিগরি দক্ষতা ও সূক্ষ্ম হস্তশিল্প।
রিওর মঞ্চেও ছিল ‘উলফ’ থিম
গৌরব গুপ্তের নকশায় শাকিরার এই প্রথম উপস্থিতি নয়। ২০২৫ সালে রিও ডি জেনেইরোতে তার ট্যুরের একটি পর্বেও এই ভারতীয় ডিজাইনারের তৈরি পোশাক পরেছিলেন তিনি।
‘লুনার ব্লু উলফ গাউন’ নামের সেই পোশাকেও ছিল গৌরব গুপ্তের পরিচিত ভাস্কর্যধর্মী নকশার ছাপ। গাউনের সঙ্গে যুক্ত ধাতব ব্রেস্টপ্লেটে ফুটে উঠেছিল নেকড়ের অবয়ব। পোশাকটি তৈরিতে ৬০০ ঘণ্টারও বেশি সময় লেগেছিল বলে জানা যায়।
নীল রঙের একাধিক স্তরের কাপড় দিয়ে তৈরি হয়েছিল গাউনটির নিচের অংশ। শাকিরার মঞ্চ পরিবেশনার সময় তার শরীরের গতির সঙ্গে কাপড়ের স্তরগুলোও যেন ছন্দে নড়াচড়া করে, সেই বিষয়টি মাথায় রেখেই নকশা করা হয়েছিল পোশাকটি।
মাদ্রিদের সাম্প্রতিক সাজে গৌরব গুপ্ত আবারও ধাতব ভাস্কর্যশৈলীর সঙ্গে ভারতীয় বেনারসি সিল্ককে একত্র করেছেন। শাকিরার মতো আন্তর্জাতিক তারকার মঞ্চসজ্জায় এ ধরনের নকশা ভারতীয় কারুশিল্প ও সমকালীন ডিজাইনের বৈচিত্র্যকে নতুন করে সামনে এনেছে।








