বয়লার মুরগি দিয়ে সহজেই তৈরি করা যায় দেশি স্বাদের মজাদার ঝোল। সরিষার তেল, দেশি মসলা আর কাঁচা মরিচে রান্নাটি হয়ে উঠবে সুস্বাদু। ভাত কিংবা খিচুড়ির সঙ্গে গরম গরম এই মুরগির তরকারি জমে যাবে বেশ। চলুন, জেনে নেওয়া যাক সহজ রেসিপি।
প্রথমে এক কেজি বয়লার মুরগি টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। এতে স্বাদমতো লবণ, এক টেবিল চামচ হলুদগুঁড়া, এক টেবিল চামচ গরম মসলার গুঁড়া ও তিন টেবিল চামচ টক দই দিয়ে ভালোভাবে মেখে ১৫ মিনিট রেখে দিন।
এবার চুলায় একটি প্যান বসিয়ে এক কাপের তিন ভাগের এক ভাগ সরিষার তেল গরম করুন। তেলে এক টুকরো মাঝারি আকারের দারুচিনি, পাঁচটি ছোট এলাচ, চারটি লবঙ্গ, ছয়-সাতটি গোলমরিচ ও দুটি তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। ছয়-সাতটি রসুনের কোয়া দিয়ে আরও এক মিনিট ভেজে নিন। এবার এক টেবিল চামচ আদাবাটা ও পাঁচ-ছয়টি কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন।
আঁচ কমিয়ে এক টেবিল চামচ মরিচের গুঁড়া ও দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নিন। এরপর মসলা মাখানো মুরগি দিয়ে মাঝারি আঁচে প্রায় পাঁচ মিনিট নেড়েচেড়ে রান্না করুন। মাংস থেকে পানি বের হলে এক কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিন। মাঝারি আঁচে ২৫-৩০ মিনিট রান্না করুন। মাঝখানে একবার ঢাকনা খুলে মাংস নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়।
মাংস সেদ্ধ হয়ে ঝোল পছন্দমতো ঘন হলে ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সরিষার তেল ও দেশি মসলার ঘ্রাণে বয়লার মুরগির সুস্বাদু তরকারি। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।