বৈশাখের তীব্র গরম এখন প্রকৃতিজুড়ে। অসহনীয় গরমে বাড়ছে হিট স্ট্রোক। প্রচণ্ড গরমে শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা নষ্ট হয়ে গেলে হিট স্ট্রোক হয়। রক্তচাপ কমে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, খিঁচুনির পাশাপাশি হিট স্ট্রোকে অজ্ঞানও হয়ে যেতে পারে রোগী। এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এছাড়া শরীরের পানি ও ইলেক্ট্রোলাইটের চাহিদা ঠিকঠাক পূরণ করতে খেতে পারেন আরও কিছু খাবার। জেনে নিন এই গরমে কোন কোন খাবার আপনাকে দূরে রাখবে হিট স্ট্রোক থেকে-
আপেল
বলা হয় প্রতিদিন একটি আপেল খেলে দূরে থাকা যায় অনেক রোগ থেকে। আপেলের প্রায় ৮৪ ভাগই পানি। এই গরমে প্রতিদিন আপেল খেলে দূরে থাকতে পারবেন হিট স্ট্রোক থেকে।
শসা
পানি এবং ইলেক্টোলাইটে ভরপুর শসা। গরমে সুস্থ থাকার জন্য নিয়মিত শসা খাওয়ার বিকল্প নেই। শসার সালাদ রাখতে পারেন প্রতিদিনের খাবার মেন্যুতে।
ডাবের পানি
অতিরিক্ত গরম দূর করে শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখে ডাবের পানি। পাশাপাশি এটি দূর করে গরমের ক্লান্তি। হিট স্ট্রোক এড়াতে ডাবের পানি পান করতে পারেন প্রতিদিন।
তরমুজ
গ্রীষ্মের রসালো ফল তরমুজ পাওয়া যাচ্ছে বাজারে। তরমুজের প্রায় পুরোটাই পানি। প্রতিদিন কয়েক টুকরা তরমুজ শরীরে অতিরিক্ত পানির জোগান দেবে।
লেটুস পাতা
লেটুস পাতায় রয়েছে ৯৪ ভাগ পানি ও ভিটামিন-এ। এই গরমে সুস্থ থাকার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এই সবুজ পাতাটি রাখতে ভুলবেন না!
মূলা
পানি, ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ মূলা। তাজা মূলা গ্রীষ্মের প্রচণ্ড এ গরমে আপনার শরীরকে ভেতর থেকে ঠাণ্ডা রাখবে। সালাদে মিশিয়ে অথবা রান্না করে খেতে পারেন মূলা।
লেবু
সাইট্রিক অ্যাসিড ও প্রচুর পরিমাণে পানি রয়েছে লেবুতে। এক গ্লাস ঠাণ্ডা লেমোনেড অথবা লেবুর শরবত দিনভর আপনাকে রাখবে ঝরঝরে।
কমলা
ইলেক্ট্রোলাইট, পটাশিয়াম, ভিটামিন-সি এবং পানিতে পরিপূর্ণ কমলা খেতে পারেন হিট স্ট্রোক এড়াতে। তাজা কমলার রস পান করতে পারেন গরমের ক্লান্তি দূর করতে।
/এনএ/








