রান্নাঘরে অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার নানা কাজে। কখনও খাবার মুড়ে ফ্রিজে রাখা, কখনও ওভেনে মাছ বা মাংস বেক করা, আবার কখনও রান্না করা খাবার গরম রাখতেও কাজে লাগে এই ফয়েল। কিন্তু ফয়েলের দু’টি পিঠের চেহারা আলাদা। এক দিক চকচকে, অন্য দিকটি অনুজ্জ্বল। তাহলে খাবার মুড়তে বা রান্নার সময়ে কোন দিকটি ব্যবহার করা উচিত? চকচকে দিকটি কি বেশি তাপ ধরে রাখতে পারে?
দু’টি দিক আলাদা কেন?
অ্যালুমিনিয়াম ফয়েলের দু’টি দিকের চেহারা আলাদা হওয়ার কারণ এর উৎপাদন পদ্ধতি। ফয়েল তৈরির সময়ে অ্যালুমিনিয়ামের মোটা পাতকে বারবার রোলারের মধ্যে দিয়ে চালিয়ে পাতলা করা হয়। শেষ পর্যায়ে ফয়েল অত্যন্ত পাতলা হয়ে যায় বলে দু’টি স্তর একসঙ্গে রোলারের মধ্যে দিয়ে চালানো হয়। যে দিকটি পালিশ করা রোলারের সংস্পর্শে থাকে, সেটি চকচকে হয়ে ওঠে। অন্য দিকটি তুলনায় অনুজ্জ্বল থাকে। অর্থাৎ, এই পার্থক্য উৎপাদন পদ্ধতির জন্যই তৈরি হয়। দু’টি পিঠের উপাদান একই।
খাবার মুড়বেন কোন দিকে?
সাধারণ অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে চকচকে কিংবা অনুজ্জ্বল, যে কোনও দিকেই খাবার মুড়তে পারেন। দু’টি দিকের মধ্যে এমন কোনও কার্যকর পার্থক্য নেই, যা খাবারের গুণমান বা রান্নার সময়ে বিশেষ প্রভাব ফেলে। পরোটা মুড়ে রাখা, মাছ বেক করা কিংবা রান্নার পাত্র ঢেকে দেওয়ার ক্ষেত্রে কোন দিকটি খাবারের সংস্পর্শে থাকছে, তা নিয়ে চিন্তার প্রয়োজন নেই।
নন-স্টিক ফয়েলের ক্ষেত্রে কী করবেন?
তবে নন-স্টিক অ্যালুমিনিয়াম ফয়েলের ক্ষেত্রে নিয়ম আলাদা। এই ধরনের ফয়েলের একটি দিকে বিশেষ নন-স্টিক প্রলেপ থাকে, যাতে খাবার আটকে না যায়। সাধারণত সেই দিকটি অনুজ্জ্বল হয়। তাই খাবার রাখার সময়ে ফয়েলের প্যাকেটের নির্দেশিকা দেখে প্রলেপ দেওয়া দিকটি খাবারের সংস্পর্শে রাখুন।
অর্থাৎ, সাধারণ অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারের সময়ে চকচকে না অনুজ্জ্বল—কোন দিকটি উপরে থাকল, তা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে নন-স্টিক ফয়েল ব্যবহারের আগে প্রস্তুতকারকের নির্দেশ অবশ্যই দেখে নিন।