মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামাঞ্জার সাঈদ। প্রতিযোগিতায় অংশ নিতে বর্তমানে ভিয়েতনামে অবস্থান করছেন তিনি। সেখানে প্রথম কয়েক দিনের বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানে সামাঞ্জারের পোশাকে দেখা গেছে বৈচিত্র্য। কখনও গাউন, কখনও মিনিড্রেস, আবার কখনও শাড়িতে বাংলাদেশের ফ্যাশনকে তুলে ধরেছেন তিনি।
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়িতে দেশীয় বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারের পোশাক এবং গয়না বেছে নিয়েছেন সামাঞ্জার। তার লুকের উল্লেখযোগ্য দিকগুলো একনজরে—
নকশিকাঁথার গাউনে শুরু
ভিয়েতনামে পৌঁছানোর পর অন-অ্যারাইভাল লুকে সামাঞ্জারকে দেখা যায় সিজ-এর নকশিকাঁথা থাই-লিস্ট গাউনে। দেশীয় নকশার ছোঁয়া থাকা এই লুকেই প্রতিযোগিতার যাত্রা শুরু করেন তিনি।
সাদা গাউনে সকালের আয়োজন
প্রথম দিনের ব্রেকফাস্টের জন্য সামাঞ্জার বেছে নেন সেলিব্রিটিস চয়েসের ওয়ান-শোল্ডার সাদা গাউন। এর সঙ্গে ছিল কালো মিনি হোবো ব্যাগ। পনিটেইল করা চুলে তার লুকটি ছিল সহজ ও পরিপাটি।
প্যাস্টেল ল্যাভেন্ডারে স্পেশাল ইন্টারভিউ
স্পেশাল ইন্টারভিউয়ের জন্য সামাঞ্জারের পরনে ছিল সেলিব্রিটিস চয়েসের প্যাস্টেল ল্যাভেন্ডার কেপ-স্লিভের গাউন। ড্রেপড ফেব্রিকের নকশার এই পোশাকের সঙ্গে ছিল অফ-হোয়াইট পার্ল এমবেলিশমেন্টের ক্লাচ।
পার্ল ও ফ্রিঞ্জে সাদা গাউন
একটি বিশেষ সেরেমনিতে ফ্যাশন ল্যাব বাই তৃষার অফ-দ্য-শোল্ডার সাদা গাউন পরেন সামাঞ্জার। পার্ল ও ফ্রিঞ্জের কাজ করা গাউনটির সঙ্গে একই রঙের কারুকাজ ছিল। অন্য প্রতিযোগীদের সঙ্গে ভিয়েতনামের ঐতিহ্যবাহী ফুশিয়া পিংক ‘আও দাই’ পরেও নজর কাড়েন তিনি। হাতে ছিল পেইন্টেড ট্র্যাডিশনাল হ্যাট।
লাল ফ্রিল শাড়িতে দেশীয় ফ্যাশন স্টেটমেন্ট
স্যাশিং সেরেমনিতে সামাঞ্জারের লুকে ছিল সবচেয়ে আলাদা দেশীয় আবহ। হাউস অব ইনায়া-র ব্যাকলেস, সোনালি কারুকাজ করা ব্লাউজের সঙ্গে তিনি পরেছেন লাল জর্জেটের রেডি-টু-ওয়্যার ফ্রিল শাড়ি। সঙ্গে ছিল জেভার বাই আরোহী-র গয়না এবং হাতে সোনালি কাজ করা লাল ব্যাগ।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে এই লুকটি ইতোমধ্যে নজর কেড়েছে। বাংলাদেশের ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফ্রিল শাড়িটি নিয়ে নেটিজেন ও সামাঞ্জারের অনুসারীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
কাঁঠাল-ইলিশে বাংলাদেশের গল্প
সর্বশেষ লুকেও দেশীয় মোটিফকে গুরুত্ব দিয়েছেন সামাঞ্জার। সিজ-এর কালো মিনিড্রেসে ফুটে উঠেছে শাপলা, কাঁঠাল, ইলিশ ও হাতপাখার মোটিফ। পোশাকটির সঙ্গে ছিল একই ব্র্যান্ডের নকশিকাঁথার কালো শর্ট বোলেরো জ্যাকেট। গলায় ও কানে জেভার বাই আরোহী-র গয়না এবং সঙ্গে মানানসই হিলস।
মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের প্রথম কয়েক দিনের লুকেই তাই কখনও আধুনিক কাট, কখনও গ্ল্যামারাস গাউন, আবার কখনও দেশীয় মোটিফ ও শাড়ির মাধ্যমে বৈচিত্র্যময় ফ্যাশন স্টেটমেন্ট দেখা যাচ্ছে। সামনে আরও আয়োজনে তাঁর পোশাকে বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতির কী নতুন উপস্থাপন আসে, সেদিকেই এখন নজর ফ্যাশনপ্রেমীদের।
তথ্য: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফেসবুক









