নিউইয়র্কে ৩ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে ১৫ মে, শুক্রবার। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকান কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট। মেলা অনুষ্ঠিত হবে লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল ক্রিশ্চিয়ান সেন্টারে।
মেলায় যোগ দেবেন রবীন্দ্রকন্যা শ্রেয়া গুহঠাকুরতা ও লোকসংগীতশিল্পী জয় শংকর।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে স্যালুট জানাবেন বীর মুক্তিযোদ্ধারা।
শিল্পীরা সমবেত কণ্ঠে গাইবেন বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। মেলা উদ্বোধন করা হবে প্রদীপ জ্বেলে ও ফিতা কেটে।
গান গাইবেন তাজুল ইমাম, দীনাত জাহান মুন্নী, বিপ্লব মুখার্জি, রাজীব ভট্টাচার্য, সেলিমা আশরাফ, শাহ মাহবুব, নীলুফার জাহান, অনিন্দিতা চৌধুরী, মেলাল করিম, করিম হাওলাদার, পণ্ডিত কৃশান মহারাজ, মোরশেদ খান অপু, সেজান মাহমুদ ও দিনার মনি প্রমুখ।
সিলেটের মরমী গান পরিবেশন করবেন বাউল শিল্পী কালা মিয়া।
তরুণ প্রজন্মের নাহিয়ান ইলিয়াস, জনম সাহা, দানিয়া সৈয়দ দিয়া, গুঞ্জরী সাহাসহ অনেকেই অংশ নেবেন বিভিন্ন অনুষ্ঠানে।
উদীয়মান তরুণ শিল্পী আলভান গাইবেন প্রজন্মের সেতুবন্ধনে গান।
থাকবে আলোকচিত্রী পাভেল রহমানের একক প্রদর্শনী।
নৃত্য পরিবেশন করবেন এনি ফেরদৌস।
সংস্কৃতি সংগঠন বিপা, উদীচী, আনন্দধ্বনি, তালতরঙ্গ, মিথান ড্যান্স একাডেমি, কৃষ্টি, বি কে পি এ অংশ নেবে।
তরুণ প্রজন্মের জন্য ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা থাকছে শনি ও রবিবার।
পরিচালক নাদিম ইকবাল ও শামীম আল আমীন প্রদর্শন করবেন কয়েকটি সদ্য নির্মিত ডকুমেন্টারি।
বইমেলায় মুখ্য বিষয় থাকবে ‘বঙ্গবন্ধু’।
বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে 'উত্থান' নামে একটি পত্রিকা।
মেলায় ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা ও নবী-জিনাত ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার’ প্রদান করা হবে।
শিল্পী লুৎফুন নাহার লতা ও মিথুন আহমেদ পরিবেশন করবেন দুটি পর্ব।
কয়েকটি পর্বের ব্যবস্থাপনা ও সহযোগিতায় থাকছে বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র।
‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ ৩ দিনের বইমেলার সূচি ঘোষণা করেছে। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান বিকাল ছয়টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। শনি ও রবিবার সকাল ১০টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
আহ্বায়ক ড. নুরুন নবী ও সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া বইমেলায় অংশ নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।









