অমর একুশে বইমেলা ২০২৬

বাংলা একাডেমি একটা নড়বড়ে প্রতিষ্ঠান : জফির সেতু

সাক্ষাৎকার গ্রহণ : উমামা জামান মিম
১৫ মার্চ ২০২৬, ১৪:৪১আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৭

উমামা জামান মিম: মেলায় আপনার নতুন কী বই প্রকাশিত হচ্ছে?

জফির সেতু: মেলা উপলক্ষ্যে আমার একটা বই প্রকাশক সংস্থা ইতোমধ্যে প্রকাশ করে ফেলেছে। বইটি আমেরিকান কবি ও ঔপন্যাসিক সিলভিয়া প্লাথকে নিয়ে। বইটির নাম ‘সিলভিয়া প্লাথ : সৃষ্টি ও স্বীকারোক্তি’। আরেকটি বই প্রকাশিত হওয়ার কথা; ঝুম্পা লাহিড়ীর ‘দ্য ক্লথিং অব বুক’ বইয়ের বাংলা অনুবাদ ‘বইয়ের জামা’ নামে। এছাড়া আমার সম্পাদনায় প্রকাশিত হয়েছে লোকগানের তিনটি সংকলন। এগুলো হচ্ছে মনির নূরীর নির্বাচিত গান ‘ভাবতরঙ্গ’, ‘অন্নদারঞ্জন দাসের গান’ ও ‘তাজউদ্দিনের গান’।

প্রশ্ন: নিজের বই নিয়ে পাঠকদের কিছু বলুন? বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা কি এই বইয়ের বিষয়বস্তুকে প্রভাবিত করেছে?

উত্তর: সিলভিয়া প্লাথ সাহিত্যের ইতিহাসে নানা কারণে বিখ্যাত। বিগত শতকের মাঝামাঝি কালে সান ফ্রান্সিসকো রেনেসাঁস থেকে বেরিয়ে আসা নতুন কণ্ঠস্বর হিসেবে বিশ্বসাহিত্যে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে কনফেশানাল পোয়েট্রির ইতিহাসে। প্লাথের উপন্যাস ও গল্পও ছিল ব্যক্তিগত জীবন নিয়ে। বিশ্বযুদ্ধোত্তর জীবনের প্রেক্ষাপটে বইটিতে প্লাথের উপন্যাস ও কবিতার স্বীকারোক্তিমূলক ভাষ্যে আত্মজীবনের উপাদানকে অনুসন্ধান ও বিশ্লেষণ করা হয়েছে। তাহলেও বইটির বিষয়বস্তু বর্তমান সময়ের প্রশ্নে প্রাসঙ্গিক, এমনকি রাজনৈতিক, সামাজিক প্রভৃতি বাস্তবতা অর্থেই। সিলভিয়ার কবিতা ও উপন্যাসে বিশ্বযুদ্ধোত্তর ব্যক্তিজীবনের সংকট উঠে এসেছিল চরমভাবে। তিনি নিজে এর শিকার হয়ে ট্রমাজীবন যাপন করে অবশেষে আত্মহত্যা করেন। এই আত্মহত্যা শুধু ব্যক্তির ছিল না, একে একটা যুগের প্রতীক হিসেবেও দেখতে পারি। এই যুগ বহমানও। তাই যুদ্ধ, পুঁজিবাদী অর্থব্যবস্থা, ভোগবাদ, পুরুষতন্ত্র, নারীনিগ্রহ প্রভৃতির বিপরীতে বিচ্ছিন্নতা, একাকিত্ব, দুঃসহতা, নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, মৃত্যুচিন্তা ইত্যাদি নিয়ে ব্যক্তিমানুষের জীবনের বিপন্নতা বিশেষ করে মনস্তাত্ত্বিক সংকট আজও চারিদিকে ঘনীভূত।

দুই পর্বে বইটি লেখা হয়েছে; ‘দ্য বেলজার’ উপন্যাসটি ফর্ম হিসেবে বিশ্বসাহিত্যে গুরুত্বপূর্ণ না হলেও আত্মজীবনের ভাষ্যে রচিত অকপট সাহিত্যকর্ম হিসেবে রচনাটি গুরুত্বপূর্ণ। কবি হিসেবে সিলভিয়া তুলনা তিনি নিজে, তাই কবিতা পর্বের আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সমকালীন সাহিত্য-আন্দোলন, রাজনীতি, পুরান, ইতিহাস, মনস্তত্ত্ব, নারীবাদ, আধুনিক জীবনবোধ প্রভৃতির অনুষঙ্গে সাহিত্য-সৃষ্টির বিচারে ‘সিলভিয়া প্লাথ : সৃষ্টি ও স্বীকারোক্তি’ বইটি পাঠকের ভালো লাগতে পারে বলে আমার বিশ্বাস।

অন্যদিকে ‘বইয়ের জামা’ বইটির পাণ্ডুলিপি গোছানোর কাজ চলছে। জানিনা শেষপর্যন্ত প্রকাশককে এ বছরের মেলার জন্য হস্তান্তর করতে পারব কিনা। বিষয় বইয়ের পরিচ্ছদ নিয়ে।

এছাড়া যে তিনজন লোককবির সংকলনের কথা বললাম, আমাদের লোকসাহিত্যের এই তিন মহাজনের গানের বই আগে প্রকাশিত হয়নি। তাই তাঁদের গান সংগ্রহ ও সংকলন করে প্রকাশ করা নিজের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। এরা সকলেই বৃহত্তর সিলেট অঞ্চলের লোককবি।

প্রশ্ন: কোন প্রকাশনী থেকে আসছে? মূল্য, প্রচ্ছদ ও স্টল নম্বর সম্পর্কে জানতে চাই?

উত্তর: ‘সিলভিয়া প্লাথ : সৃষ্টি ও স্বীকারোক্তি’ বইটির প্রকাশক কথাপ্রকাশ। এর মূল্য ৩০০ টাকা, প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। স্টল নং: ৭৭৭-৭৮১। নাগরী প্রকাশনা থেকে বেরিয়েছে লোকগানের সংকলনগুলো। মনির নূরীর নির্বাচিত গান ‘ভাবতরঙ্গ’ বইয়ের প্রচ্ছদ এঁকেছেন সুফি সুফিয়ান, মূল্য ৩৮০ টাকা। ‘অন্নদারঞ্জন দাসের গান’ ও ‘তাজউদ্দিনের গান’ বইি দুটিরও প্রচ্ছদ সুফি সুফিয়ানের আঁকা। বই দুটির মূল্য যথাক্রমে ২৫০ ও ৩২০ টাকা। স্টল নং: ৮৬৪।

প্রশ্ন: শুরু থেকেই মেলা নিয়ে অনিশ্চয়তা দেখা যাচ্ছিল, এমন গুরুত্বপূর্ণ জাতীয় ইভেন্টের প্রতি কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে?

উত্তর: বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সবকিছুকে রাজনীতি দিয়ে দেখা হয়। তাই বইমেলা পরিচালনার একটা কর্তৃপক্ষ থাকলেও তারও ওপরে মোড়ল কর্তৃপক্ষ রয়েছে। এই কর্তৃপক্ষসমূহ আবার বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে কাজ করে। একুশে বইমেলা বাংলাদেশের সংস্কৃতির একটা অংশ।

বইমেলাকে কেন্দ্র করে যে একটা জাতীয়তাবাদী বিষয় কাজ করে তাতে অনেকে নাখোশ। আবার বইমেলাকে কেন্দ্র করে একটা বুদ্ধিবৃত্তিক সম্মিলন, লেখক-পাঠকের অবারিত যোগাযোগের সুযোগ ও পরিসর বিদ্যমান থাকে। এটাকে একটা শ্রেণি ভয়ের চোখে দেখে। আমার মনে হয় সমস্যাকে সেখানে। মনে রাখবেন বাংলাদেশ যারা চালায় কিংবা চালাতে চায় তাদের কাছে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্পকলা, মুক্তবুদ্ধি এসবই অস্বস্তির ব্যাপার। তাই এমন জাতীয় ইভেন্টে লুকোচুরি, অবহেলা ও দায়িত্বহীনতার সংগত কারণেই হয়।

প্র্রশ্ন: সময় কমিয়ে আনা ও রমজানের কারণে মেলায় কেমন প্রভাব পড়বে?

উত্তর: সময় কমিয়ে আনার বিষয়ের কোনো কারণ আমি দেখি না। আসলে প্রশ্ন হচ্ছে আপনার কাছে প্রায়োরিটি কী? বাংলাদেশের মানুষ রমজানকে কেন্দ্র করে কাজকামও ছেড়ে দেয় অবস্থা। অথচ রমজানের সঙ্গে কাজের সম্পর্ক সাংঘর্ষিক নয়। তাই বাস্তবতা হচ্ছে প্রভাব একটা আছে। মেলা সাধারণত জমে ওঠে বিকালের দিকে। তখন ইফতারের সময়, মাগরিবের খানিক পরে আবার তারাবির নামাজ শুরু হয়; এই প্রভাব এড়ানোর সুযোগ নেই। তবে মেলাটি ঈদের পরে হলেও ক্ষতিবৃদ্ধি এমন কিছু হতো না।

প্রশ্ন: একটি সুন্দর বইমেলা আয়োজন করতে কী কী পদক্ষেপ নিলে ভালো হয়?

উত্তর: মনে রাখা দরকার বইমেলা শুধু বই কেনাবেচার জায়গা নয়-এটা ভাষা, পরিচয় ও জাতিসত্তার প্রতীক। তাই বইমেলার আয়োজনে প্রথমেই পরিসরের সুবন্দোবস্ত এবং রাজনৈতিক বিচেনায় না গিয়ে গুণগত মান বিবেচনায় প্রকাশকদের স্টলবরাদ্দ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মেলার বাইরে ও ভিতরে লেখক, প্রকাশক ও অংশগ্রহণকারীদের যথেষ্ট নিরাপত্তার বিধান করতে হবে। তৃতীয় ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বইয়ের মান ও বিষয়বস্তু নিয়ন্ত্রণে জোর দেওয়া। এক্ষেত্রে ভাষাবিকৃতি, অপসংস্কৃতি ও সাম্প্রদায়িক কনটেন্ট পরিহারে পদক্ষেপ নিতে হবে। গণচেতনা, একুশে চেতনা ও মুক্তিযুদ্ধবিরোধী প্রকাশনা নিষিদ্ধ করতে হবে; সর্বোপরি বই যাচাইয়ের জন্য পর্যালোচনা সেল গঠন করতে হবে। এছাড়াও যথাযথ প্রচার ও জনসম্পৃক্ততার ব্যাপারে কর্তৃপক্ষকে উদ্যোগী ভূমিকা নিতে হবে।

প্রশ্ন : মেলায় এবং সারা বছর যত বই প্রকাশিত হয় তার ডিজিটাল ডেটাবেইজ কি বাংলা একডেমি বা কোনো কর্তৃপক্ষ সংরক্ষণ করতে পারে?

উত্তর: বাংলা একাডেমিকে বলা হয় জাতীয় মননের প্রতীক। তাই যদি হয় তাহলে তার জুরিডিকশনে এমনিতে কিছু কাজ এসে পড়ে। জাতীয় মননের প্রধান প্রতিফলন হচ্ছে বই। এই বইয়ের বিষয়ে একাডেমিকে সর্বোচ্চ নজর দেওয়া উচিত ছিল। কিন্তু তা হয়নি। বাংলা একাডেমি একটি নড়বড়ে প্রতিষ্ঠান। এর পেছনে নানা কারণও আছে। তাই অনেক স্বপ্ন আমরা দেখতে পারি, কিন্তু বাস্তবায়নে একটা সক্ষমতা লাগে। এখন পর্যন্ত একাডেমি বিভিন্ন বিষয়ে তার সক্ষমতার পরিচয় দেয়নি। বইয়ের ডিজিটাল ডেটাবেইজ অবশ্যই করা যেতে পারে। বাংলা একাডেমি পারে, অন্য কেউও পারে। এটা দরকারি।

প্রশ্ন: বইমেলায় পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের বর্তমান বাস্তবতা কী?

উত্তর: একুশে বইমেলা পাঠক-লেখক সম্পর্ক বা যোগাযোগের সবচেয়ে বড়ো প্লাটফর্ম। এমনিতে আমাদের দেশে এই সম্পর্ক ও যোগাযোগ উল্লেখ করার মতো নয়। এটা এখানে অনেকটা সমাগম মাত্র হয়। যেটা হয়-মোড়কত উন্মোচন ও বইয়ের কেনাবেচা ছাড়া বাংলা একাডেমি চত্বরের আলোচনা মঞ্চে প্রতিদিন আলোচনা অনুষ্ঠান, তাতে যারা অংশ নেন বেশিরভাগ চেনামুখ। বলা ভালো একাডেমির সঙ্গে যাদের যোগাযোগ আছে তেমন অধ্যাপক ও গবেষকেরা এতে অংশ নেন। নামকাওয়াস্তে কিছু লেখকও জড়ো হন এতে। গত কবছর ধরে লেখক-মঞ্চে লেখকেরা কথা বলেন, এটা ভালো বিষয়। অন্যদিকে, লেখকেরা স্টলে বসেন, নিজেদের মধ্যে আড্ডা দেন; আর সারাদেশ থেকে ছোটোকাগজের লেখকেরা জড়ো হন, আড্ডা দেন। কিন্তু ওই যে লেখক-পাঠকের সম্পর্ক ও যোগাযোগ তা বড়ো আকারে কই? তরুণ লেখকের সঙ্গে পাঠকের পরিচয় আনুষ্ঠানিকভাবেও এখানে হয় না। তাই এমন হয়, দূর-দূরান্ত থেকে থেকে কেউ একজন মেলায় অংশগ্রহণ করে একজন লেখকের সঙ্গে পরিচিত না হয়ে, কথা না বলেই মেলা ত্যাগ করতে হয়। কম বয়সে আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে। তখন জনপ্রিয় লেখকেরা শুধু স্টলে বসে অটোগ্রাফই দিতেন। আসলে বই বিক্রি করতে বসতেন।

প্রশ্ন: প্রচুর বই ছাপা হচ্ছে কিন্তু বইয়ের মান ও সম্পাদনা নিয়ে প্রকাশকরা কতটা সচেতন বলে মনে করেন?

উত্তর: এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার বই প্রকাশিত হয় যা অপাঠ্য ও নিম্নমানের। আসলে এমন বইয়ের যেমন মূল্য নেই, তেমনি ভবিষ্যতও নেই। কয়েকটি প্রকাশনা-সংস্থা ছাড়া সকলে সম্পাদনা এমনকি, প্রুফটা পর্যন্ত ভালোভাবে দেখে ছাপে না। এটা দুঃখজনক। অবশ্য বাংলাদেশে প্রকাশক হতেও কোনো যোগ্যতা লাগে বলে মনে হয় না। অনেকে জানেও না মুদ্রক আর প্রকাশকের পার্থক্য রয়েছে। বড়ো কথা হচ্ছে বাংলাদেশে এসব নিয়ন্ত্রণ করার মতো কোনো কর্তৃপক্ষ আছে বলে আমার জানা নেই।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের