কেন কুমির মার্কা নিয়েছিলেন নির্মলেন্দু গুণ?

সাক্ষাৎকার গ্রহণ : আনোয়ার কবির
২১ জুন ২০২৬, ১৬:১২আপডেট : ২১ জুন ২০২৬, ১৬:১২

কবি নির্মলেন্দু গুণ ১৯৯১ সালে সংসদ নির্বাচনে নেত্রকোণা-বারহাট্টা আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তাঁর ছিলো কুমির মার্কা। প্রথমে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসাবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সময় এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন লেখক গবেষক আনোয়ার কবির। লেখাটি পুনর্মুদ্রণ করা হলো আজ কবির জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে।

নির্বাচনে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী?

মারাত্মক প্রশ্ন। নির্বাচনের পূর্বে এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। এরশাদের আমলে হয়তোবা এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হতো। কিন্তু এখন এরশাদের আমল নয়। সুতরাং এখন এই প্রশ্নের উত্তর দেয়া সম্ভব নয়। শুধু আশাবাদী এইটুকু বলতে পারি।

নির্বাচনে জয়ী হলে আপনার পরবর্তী লক্ষ্য কী হবে?

পরবর্তী লক্ষ্য হবে আমার অবহেলিত এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা এবং জাতীয় সংসদে সাংবিধানিক সমস্যাগুলোর সমাধাকল্পে ভূমিকা রাখা। পাশাপাশি আমার ইচ্ছা আছে নির্বাচনি অভিজ্ঞতা নিয়ে একটি চমৎকার গ্রন্থ রচনার।

আপনি যেহেতু মূলত একজন কবি সুতরাং গ্রন্থটি কি পদ্যে লিখিত হবে না গদ্যে?

গ্রন্থটি হবে গদ্যে এবং রাজনীতি ভিত্তিক।

তাহলে পাঠকরা আশা করতে পারেন আপনার কাছ থেকে ভবিষ্যতে তারা পদ্য ব্যতীত অন্যান্য লেখাও পাবে?

পাবেন, ইনশাল্লাহ।

আমরা জানি আপনি একজন বিশিষ্ট কবি। সুতরাং নির্বাচনে জয়ী হলে সংসদে আপনি কি কবিদের কথা বলবেন?

আমি কবিদের প্রতিনিধিত্ব করার জন্য পেশাজীবী হিসেবে সংসদে যাচ্ছি না। সুতরাং কবিদের প্রতি আমার বিশেষ কোনো দায়িত্ব থাকার কথা নয়। আমি সেখানে আমার এলাকার মানুষের প্রতিনিধি হিসাবে যাবো। সুতরাং সংসদে এলাকার সমস্যার কথাই বলব। তবে কবিদের সমস্যাকেও আমি নিশ্চয় তুলে ধরার চেষ্টা করব।

আপনার নির্বাচনি প্রতীক কুমির নেয়ার মধ্যে কি কোনো উদ্দেশ্য আছে?

আমি নিজে অত্যন্ত নিরীহ মানুষ। তার উপর স্বতন্ত্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমাকে করুণার দৃষ্টিতে দেখুক এমন কোনো নিরীহ প্রতীক বেছে নেওয়াটা বোকামি হবে ভেবেই আমি এই প্রতীক বেছে নিয়েছি। আপনারা সবাই জানেন যে কুমির সমীহ আদায় করার মতো প্রাণী। জলের রাজা এবং প্রয়োজনে স্থলেও উঠে আসতে পারে। সুতরাং...

আপনার প্রিয় দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়াতে আপনার প্রতিক্রিয়া কী?

প্রথমে কষ্ট পেয়েছিলাম। এখন এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে। এই ভালোবাসা কোনো রাজনৈতিক দলের ভালোবাসার চেয়েও বড়। সুতরাং প্রতিক্রিয়াটা বুঝতেই পারছেন।

আপনি লেখক হিসাবেই পাঠকদের কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু এখন লেখা ছেড়ে রাজনীতিতে নামলেন কেন?

লেখা ছেড়ে আসিনি। লেখা ছেড়ে এসেছি কে বললো? আরো নতুন করে লেখার প্রস্তুতিপর্ব হচ্ছে আমার এই নির্বাচনে অংশগ্রহণ। এর ভেতর দিয়ে আমি আরো অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করছি।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের সম্পর্কে আপনার বক্তব্য কী?

হত্যাকারীদের আমি অন্য সকল মানুষের মতোই ঘৃণা করি। বাংলার মাটিতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবেই হবে...। খুনিরা ও তাদের সহযোগীরা এই হত্যাকাণ্ডে দণ্ড এড়াতে পারবে না।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সর্বপ্রথম প্রতিবাদকারী বঙ্গবীর কাদের সিদ্দিকীর গ্রেফতারে আপনার প্রতিক্রিয়া কী?

আমি তার মুক্তির দাবি করেছি। আমি মনে করি পুরস্কারের যোগ্য একজন বীরকে আমরা তিরস্কার করেছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়।

স্বৈরাচারী এরশাদের বিচারের ব্যাপারে আপনার বক্তব্য কী?

দেশের প্রচলিত আইনে দেশের সকল নাগরিকই বিচারযোগ্য, সেক্ষেত্রে এরশাদ সাহেবেরও নিশ্চয় বিচার হবে। তার এমন কিছু অপরাধ আছে যা প্রচলিত আইনের আওতায় পড়ে না। সেসব বিচার করার জন্য প্রয়োজনবোধে নতুন আইন প্রণয়ন করা যেতে পারে। মোট কথা সমাজ ও রাজনীতিকে কলুষমুক্ত রাখার প্রয়োজনে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আমাদের নমনীয়তা আমাদের ভবিষ্যতের জন্য হবে অত্যন্ত ক্ষতিকর।

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা