নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘নজরুল আমাদের জাতীয় কবি, গানের কবি ও বিদ্রোহী কবি। তার নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয় কবির বিস্ময়কর সৃষ্টিশীল কর্ম যেমন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেবে, তেমনি তার প্রতি আমরা সত্যিকারার্থে শ্রদ্ধা নিবেদন করতে পারবো।’
বুধবার (১৯ এপ্রিল)জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে তিনি এসব কথা বলেন।
সমাবর্তনে রাষ্ট্রপতি সর্বোচ্চ সিজিপি এর ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে বিভিন্ন বিভাগ থেকে ২৯ জন শিক্ষার্থীর হাতে ৩২টি স্বর্ণপদক তুলে দেন।
রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ বলেন, ‘বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে এগিয়ে যাচ্ছে। দেশ আজ নিম্ন আয়ের স্তর থেকে নিম্ন মধ্য আয়ের কাতারে উন্নীত হয়েছে। পদ্ধা সেতু আজ কল্পনা নয়।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার যুদ্ধাপরাধীর বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, জঙ্গিবাদ দমন ও ক্ষুধা দারিদ্র দূরীকরণসহ আর্থসামাজিক ক্ষেত্রে কার্যকরী ভুমিকা পালন করেছে।’
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ শেষে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের পরিবেশনায় নৃত্যসহ সূচনাসঙ্গীতের আয়োজন করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম । এবার সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।
এবার বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ১ হাজার ৩৯৯ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৯ মে দুখু মিয়ার স্মৃতি বিজড়িত ময়মনসিংহ শহরের অদূরে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হলো।
/এমডিপি/








