রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘কৃষি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলাম। এছাড়াও কৃষি সম্প্রসারণ বিভাগের আহসান হাবিব খান, বীজ প্রত্যয়ন সংস্থার মো. সিরাজুল ইসলাম, ডেইলি স্টারের সাংবাদিক রিয়াজ আহমদ এবং মৃত্তিকা গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের আবু তাওয়াব প্রমুখ প্রবন্ধের ওপর আলোচনা করেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন,‘বর্তমান বিশ্বে উন্নয়নের ক্ষেত্রে গণমাধ্যমের উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের মতো উন্নয়নশীল দেশেও গণমাধ্যমের যথাযথ ভূমিকা পালন বিশেষ গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের বিকাশ ও প্রসার এদেশের উন্নয়নে, বিশেষ করে কৃষির উন্নয়নে কী ভূমিকা পালন করছে, তা অনুসন্ধান করা জরুরি। যাতে একে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়।’
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কর্মশালার সমন্বয়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমদ এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান ড. জিয়াউর রহমান।
কর্মশালায় ঢাকা, রাজশাহী মহানগর এবং রাবিতে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
/এমডিপি/








