জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ত্রিশাল মুক্ত দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি বের করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে এ র্যালি বের করা হয়।
মুক্ত দিবস উপলক্ষে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। এসময় উপাচার্যের নেতৃত্বে র্যালিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, দোলন-চাঁপা হলের প্রভোস্ট জান্নাতুল ফেরদৌস, কর্মকর্তা পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ববিদ্যালয় সাংবাদি সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন,‘ত্রিশালকে মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছেন এবং যারা এখনও জীবিত আছেন তাদের একটি তালিকা করতে হবে। এছাড়াও যারা জীবিত আছেন, তাদের খোঁজ খবর নিতে হবে এবং তাদের কোন সমস্যা থাকলে তার সমাধান করে দিতে হবে। আর এটা করতে পারলেই কেবল আজকের দিনটি উদযাপনের সার্থকতা আসবে।’








