ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বর্ধিত ভর্তি ফি কমানোর দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন হঠাৎ করে ভর্তি ফি তিনগুণ বৃদ্ধি করে যে হঠকারি সিদ্ধান্ত নিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানায়। দাবি মানা না হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলা বিভাগের শিক্ষার্থী জি কে সাদিক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুর রউফ, শামিমুল ইসলাম সুমন, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আরিফ প্রমূখ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত সকল বিভাগে সর্বমোট ৩ হাজার দুইশত টাকা থেকে ৫ হাজার সাতশত টাকার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যেত। তবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্ধিত ফি অনুযায়ী মানবিক ও আইন অনুষদভুক্ত বিভাগসমূহে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে মোট ১১ হাজার ৮১৫ টাকা, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগসমূহে মোট ১২ হাজার ৪১৫ টাকা এবং বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহে মোট ১৩ হাজার ৩১৫ টাকা লাগবে।








