বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক ২০১৭ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম। উচ্চ শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাকে ওই সম্মাননা প্রদান করেন।
সম্প্রতি তিনি রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন স্বর্ণপদক-২০১৭ ও অর্থমূল্য গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন। অনুষ্ঠানে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে (২০১৬ সালে ১৮ জন ও ২০১৭ সালে ১৭ জন) এই সম্মাননা প্রদান করা হয়।
পদকপ্রাপ্ত শিক্ষক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি আশা রাখি এই পদক নোবিপ্রবির শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে। আর আমারও ভাল গবেষণা করার দায়িত্ব বেড়ে গেলো। সেসময় তিনি উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানান গবেষণা খাতকে সমৃদ্ধ করার জন্য।







