কেউ আঁকছেন আল্পনা, কারো হাতে চটের গায়ে ফুটে উঠছে মানুষ আর নানা প্রাণীর অবয়ব। কেউব নিচ্ছেন মঞ্চে অভিনয়ের প্রস্তুতি, আবার কেউ কেউ ব্যস্ত মঞ্চের সেট তৈরির কাজে। এভাবেই কর্মব্যস্ততা আর সৃজনশীলতার মাধ্যমে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব এর প্রস্তুতি নিচ্ছেন উৎসবের আয়োজক থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা।
আগামী ৩-৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত হবে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব। নাট্যোৎসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অংশ নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন 'জাহাঙ্গীরনগর থিয়েটার', শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন 'থিয়েটার সাস্ট'। নাট্যোৎসবকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কুবি থিয়েটারের সভাপতি মেহেদী হাসান।
নাট্যোৎসব আয়োজন ও প্রস্তুতির বিষয়ে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান বলেন, ‘থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম নিবন্ধিত সংগঠন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় 'স্বদেশী স্পন্দনে, তারুণ্যের জয়গানে' স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে আন্তঃসম্পর্ক বৃদ্ধি ও সংস্কৃতির আদান প্রদানের জন্য প্রথমবারের মতো নাট্যোৎসবের আয়োজন করতে যাচ্ছি। উৎসবটি সুন্দর ও সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আশা করি সবাই উৎসবটি উপভোগ করবে।’








