‘অবারিত সম্ভবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ এই স্লোগানকে সামনে রেখে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয় তারুণ্যের বার্ষিক নির্বাচন। রবিবার সকালে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন ঘিরে তারুণ্যের সদস্যদের মাঝে উচ্ছাস ও উৎসাহ বিরাজ করছিল।
বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এর ১১৬ নং কক্ষে শুরু হয় মূল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মন্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক গফুর গাজী, ড. নাজমুল হক, প্রেসক্লাব সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ প্রমুখ।
দুপুর ৩টায় শুরু হয় নির্বাচন। এতে তারুণ্যের সদস্যরা গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী এক বছরের জন্য সভাপতি হিসেবে শেখ রাইয়ান উদ্দিনকে ও সম্পাদক হিসেবে সাদিয়া আফরিন খানকে নির্বাচিত করা হয়।
পরে তাদের শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
নির্বাচন নিয়ে তারুণ্যের সভাপতি আরমান রেজা জয় বলেন, প্রতিবছর আমরা একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন করে থাকি। আশা করি, নতুন নেতৃত্বের মাধ্যমে তারুণ্য আরো বহুদূর এগিয়ে যাবে।








