আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, পোস্টার প্রদর্শনী, রক্তের গ্রুপ ও রক্তচাপ যাচাইসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হলো বিশ্ব ‘ফার্মাসিস্ট ডে ২০১৯।’ বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সংগঠন ফার্মেসি সোসাইটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। দিবসটির এবছরের প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য নিরাপদ ও কার্যকর ঔষধ।’
সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাটমিন্টন মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী কেক কেটে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন। পরে তিনি শিক্ষার্থীদের তৈরি সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী ঘুরে দেখেন। ফার্মাসিস্টরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক সৈয়দ কৌশিক আহমেদ, প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, মানতাশা তাবাসসুম ও রাফেজা খাতুনসহ ফার্মেসি বিভাগের শিক্ষার্থীবৃন্দ।








