ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষাক্রম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জুন) আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে দিনব্যাপী ছিল এ আয়োজন। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ এ আয়োজন করে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের বিভিন্ন কোর্সের আওতায় নানাবিধ সৃজনশীল কাজ যেমন-পথ-নাটক, অডিও-ভিডিও গল্প, ইনফোগ্রাফিক্স, খবর এবং ফিচার রিপোর্ট প্রদর্শন করেন। শিক্ষার্থীদের কাজগুলো ছিল যোগাযোগ, শিক্ষা, অর্থনীতি, তৈরি পোশাক শিল্পসহ বিষয়ভিত্তিক খাতের ওপর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন– ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দ্বীন মো. সুমন রহমান, বাংলা ট্রিবিউনের বার্তা সম্পাদক আনোয়ার পারভেজ হালিম, এমআরডিআই’র ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার এ কে এম সানাউল হক, ডয়েচে ভেলে বাংলার বাংলাদেশ প্রতিনিধি হারুন উর রশিদ, ইউএনডিপি’র যোগাযোগ বিভাগের প্রধান মো. আব্দুল কাইয়ুম, প্রথম আলো ডিজিটাল ব্যবসায় বিভাগের প্রধান এ বি এম জাবেদ সুলতান পিয়াস এবং জাগো নিউজ২৪’র প্রধান সম্পাদক জিয়াউল হক।
অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল কাজগুলো পরিদর্শনের পাশাপাশি একটি আলোচনা অধিবেশনে অংশ নেন।
অধ্যাপক ড. দ্বীন মো. সুমন রহমান বলেন, শিক্ষার্থীদের সৃজনশীল শক্তি বিকাশে এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা অতুলনীয়।’








