জাবির মজুরিভিত্তিক কর্মচারীদের টানা অবস্থান কর্মসূচি: অসুস্থ ১২

জাবি প্রতিনিধি
২২ জুলাই ২০২৩, ২২:১৬আপডেট : ২২ জুলাই ২০২৩, ২২:৪০

চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা অবস্থান ঘর্মঘট পালন করতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন এই কর্মচারীরা।

শনিবার (২২ জুলাই) বিকালে অবস্থানরত কর্মচারীরা জানান, প্রচণ্ড গরম ও ধুলাবালুর মধ্যে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে অসুস্থদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। তাদের নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী— অসুস্থ হয়ে পড়া কর্মচারীরা হলেন, বেগম সুফিয়া কামাল হলের গার্ড শফিকুল ইসলাম ও রনি হাওলাদার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের কমন রুম পিয়ন রাসেল আহমেদ, ক্লিনার সজীব শেখ, হল অ্যাটেনডেন্ট বায়েজিদ শিকদার ও গার্ড মো. আলাউদ্দিন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের গার্ড মো. ইউনুছ খান ও ক্লিনার অঞ্জলি রানী, শহীদ রফিক-জব্বার হলের গার্ড মো. সালাউদ্দিন, শেখ হাসিনা হলের হল অ্যাটেন্ডেন্ট আমেনা বেগম ও ক্লিনার শিল্পী বেগম এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের অফিস সহায়ক সোহেল রানা।

এদের মধ্যে অঞ্জলি রানী, আমেনা বেগম, ইউনুছ খান, রাসেল আহমেদ, সজীব শেখ, রনি হাওলাদার ও সালাউদ্দিন ঠান্ডা-জ্বর ও কাশিতে ভুগছেন। শফিকুল ইসলামের গুটি বসন্ত, বায়েজিদ শিকদারের তীব্র শ্বাসকষ্ট ও কাশির সমস্যা, মো. আলাউদ্দিন ফুড পয়জনিং এবং সোহেল রানা গুরুতর অ্যাজমা সমস্যায় ভুগছেন বলেও জানান আন্দোলনকারীরা। এদের মধ্যে বায়েজিদ, রনি ও আমেনা বেগম ছাড়া বাকিদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের অনুরোধ করে নিজ নিজ বাসায় পাঠানো হয়েছে।

কর্মচারীরা বলছেন, অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে গত ছয়দিন ঠিকমতো খাওয়া-দাওয়া, গোসল ও ঘুমাতে পারেননি তারা। এছাড়া সাম্প্রতিক সময়ে প্রচন্ড গরমে ঘেমে ঠান্ডা লেগে প্রায় সবারই সর্দি-কাশিজনিত সমস্যা দেখা দিয়েছে। এছাড়া নতুন রেজিস্ট্রার ভবনের পাশ দিয়ে অতিরিক্ত গাড়ি চলাচল করায় প্রতিনিয়তই উড়ছে ধুলাবালু। এর কারণেই তারা অসুস্থ হয়ে পড়েছেন। তবে একটু সুস্থ হলেই আবার আন্দোলনে যোগ দেবেন বলে জানিয়েছেন তারা। এছাড়া আরও জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে তারা সরবেন না।

শেখ হাসিনা হলের মালী শরীফুল ইসলাম বলেন, ‘২০১৪ সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ ১০ বছর বিশ্ববিদ্যালয়কে সার্ভিস দিচ্ছি। বিনিময়ে কিছুই পাইনি। আন্দোলন করতে গিয়ে আমাদের সহকর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। আমরা চাকরি না নিয়ে এখান থেকে ফিরবো না।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল ও অন্যান্য অফিসগুলোতে বর্তমানে ১৪২ জন কর্মচারী দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত। আগে প্রতিদিনের কাজের বিনিময়ে এই কর্মচারীরা ৩৩০ টাকা মজুরি পেতেন। বর্তমানে তা বাড়িয়ে ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, তাদের প্রাধান্য দেওয়ার। কিন্তু ইউজিসি পদ দেবে দেবে বলে এখনও দিচ্ছে না। এ বিষয়ে আলোচনার জন্য আগামী ২৭ জুলাই আবার আমরা ইউজিসিতে যাবো। আশা করি, ইউজিসি এবার একটি সমাধান দেবে।’

এর আগে, সর্বশেষ চলতি বছরের ২ জানুয়ারি চাকরি স্থায়ীকরণের দাবিতে আমরণ অনশনে বসলে ৬ মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের মৌখিক আশ্বাস দেয় প্রশাসন। তবে ৬ মাস অতিবাহিত হলেও এ নিয়ে কোন অগ্রগতি না থাকায় পুনরায় আন্দোলনে নেমেছেন কর্মচারীরা।

/ইউএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের