রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, ছাত্রদল নেতার বিরুদ্ধে বিক্ষোভ

রাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলে রাত ১১টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ছাত্রদলের এক নেতা ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। মন্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন শিক্ষার্থী ও ছাত্রনেতারা। ওই নেতার শাস্তির দাবিতে বুধবার রাতে বিক্ষোভ করেছেন জুলাই ৩৬ হলের ছাত্রীরা।

অভিযুক্ত ছাত্রদলের ওই নেতার নাম আনিসুর রহমান মিলন। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে আছেন। তিনি দাবি করেছেন, ওই সময় ফেসবুক আইডি তার ‘নিয়ন্ত্রণে ছিল না’। অভিযোগ ওঠার পর রাতে ওই নেতার পদ স্থগিতের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১১টার পরে হলে ফেরায় জুলাই ৩৬ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন মঙ্গলবার সমালোচনার মুখে অনিবার্য কারণ দেখিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এ সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ বলে মন্তব্য করা হয়।

বুধবার বিষয়টি সামনে এলে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অশেকা জাইমা খান তার ফেসবুকে লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় পরিবারে এমন অহরহ গার্বেজের দেখা মিলবে।...আজকে ছাত্র হলের প্রভোস্ট যদি বলেন ১১টার পর হলের বাইরে থাকলে নোটিশ বোর্ডে নাম আসবে। সঙ্গে সঙ্গে প্রশাসনের পদত্যাগ চেয়ে বসবে।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার ফেসবুকে লিখেছেন, ‘ছাত্রদল তো নারী নিপীড়নের বিরুদ্ধে মিছিল করলো, খুবই ভালো কাজ। আজ দেখি নিজ দলের নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, আর রাবি প্রশাসনেরই জোর কেমন, অপেক্ষায় রইলাম।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল লিখেছেন, ‘গতকালই নারী নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভ করলো ছাত্রদল। নিজ দলের কর্মীর নারী অবমাননার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় দেখতে চাই। প্রশাসনের সাইবার বুলিংবিরোধী সেলের কার্যকারিতাও দেখতে চায় শিক্ষার্থীরা।’

ছাত্রশিবিরের আহসান উল্লাহ ফারহান নামে এক নেতা লিখেছেন, ‘এর মাধ্যমে আবারও প্রমাণিত হলো ছাত্রদল নারীদের সম্মান করতে জানে না। নারীদের ধর্ষণ এবং সম্মানহানি করার ক্ষেত্রে ছাত্রদল ছাত্রলীগের চেয়ে কোনও অংশে কম নয়।’

এদিকে, ছাত্রদল নেতার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের ছাত্রীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। রাত পৌনে ১১টার দিকে এ প্রতিবেদন লেখার সময় ছাত্রীরা ‘ইভটিজারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারীদের বুলিং করে, প্রশাসন কি করে?’, ‘ইভটিজারের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভ থেকে ছাত্রীরা তিনটি দাবি উত্থাপন করেন। দাবি তিনটি হলো- ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; সাইবার বুলিং সেল গঠন করতে হবে এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা আনিসুর রহমানকে কল দিলেও রিসিভ করেননি। তবে ফেসবুকে লিখেছেন, ‘আজ দুপুরের দিকে আমার আইডির নিয়ন্ত্রণ আমার কাছে ছিল না। যার ফলে বিভিন্ন গ্রুপে আমাকে ছোট করার জন্য বাজে বাজে সব কমেন্ট করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

এ ঘটনার পর রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, বিষয়টির সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত সংগঠন আনিসুর রহমানের পদ স্থগিত করেছে। সত্যতা যাচাই ও সঠিক তদন্ত নিশ্চিত করার জন্য ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যাতে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পদাক শফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসা করেছি। তিনি জানিয়েছেন, তার আইডির নিয়ন্ত্রণ তার কাছে ছিল না। সাংগঠনিক দায়িত্বে থেকে এমনটা করার কথা না। আমরা বিষয়টি খতিয়ে দেখবো। যদি ঘটনার সতত্য পাওয়া যায়, তাকে আজীবনের জন্য ছাত্রদল থেকে বহিষ্কার করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শাস্তি দেওয়ার জন্য ছাত্রদল থেকে সুপারিশ করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আগামীকাল প্রক্টরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান