জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রশক্তি, জকসু, শিবিরের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির জবি শাখা।
বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে এসব দাবি জানানো হয়।
পাঁচ দফা দাবিগুলো হলো- ১. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বাস্তবায়ন করতে হবে এবং টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে।
২.ক্যাম্পাসে অছাত্রদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৩. হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।
৪. আগামী ছয় মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ করে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করতে হবে।
৫. সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তারা শিক্ষার্থীদের ওপর হামলার পর ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। তারা এ ঘটনাকে অতীতের স্বৈরাচারী আমলের ক্যাম্পাস বন্ধের ঘটনার সঙ্গে তুলনা করেন।
জবি শাখা জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ছাত্রলীগের মাধ্যমে দেশের বিভিন্ন ক্যাম্পাস দখল করে সেগুলোকে টর্চার সেলে পরিণত করেছিল। একইভাবে বর্তমান সরকারের ইঙ্গিতে ছাত্রদলও বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। জুলাই-পরবর্তী সময়ে কোনও বিশ্ববিদ্যালয় তাদের দখলে নিতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, ‘‘গতকালের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদল যৌথভাবে দায়ী। বিশ্ববিদ্যালয় কোনও রাজনৈতিক দলের বা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি দেশের সব মানুষের এবং শিক্ষার্থীদের। ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখলে ছাত্রদলকেই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে।”
মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, মেডিক্যাল সেন্টারের সুযোগ-সুবিধা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শনকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জবি শাখার সভাপতি, জকসুর ভিপিসহ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

ছাত্রদল-শিবির সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত 







