ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে জগন্নাথ হলের প্রধান ফটক সংলগ্ন এলাকায় এ বিস্ফোরণ ঘটে। আকস্মিক বিস্ফোরণের বিকট শব্দে হল এবং আশপাশের এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হলের সামনের সড়ক লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বিকট আওয়াজে আশপাশের নিরাপত্তা কর্মী ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম এবং শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাম্পাস এলাকায় বাড়তি পুলিশ ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান জানান, জড়িতদের শনাক্ত ও আটক করতে ক্যাম্পাসের প্রধান প্রধান পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।









