ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতির সিদ্ধান্ত ‘বেআইনি’, তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৬, ১৬:২৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৬:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে বেআইনি ও একপেশে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা এবং অনুমতি ছাড়া শ্রেণিকক্ষের বক্তব্য ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

বিবৃতিতে বলা হয়, গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার সময় তাসনিম সিরাজ মাহবুবের সঙ্গে এক শিক্ষার্থীর পোশাক ও চোখ দৃশ্যমান না থাকা নিয়ে কথা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী শ্রেণিকক্ষ ত্যাগ করেন এবং তাঁর সঙ্গে আরও কয়েকজন বেরিয়ে যান। শিক্ষার্থীর কষ্ট পাওয়ার বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ক্লাস শেষে তাঁর কাছে দুঃখপ্রকাশ করতে করিডোরে অপেক্ষা করেন। তবে কয়েকবার খবর দেওয়ার পরও ওই শিক্ষার্থী তাঁর সঙ্গে কথা বলতে আসেননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বলেছে, শ্রেণিকক্ষে কোনো শিক্ষকের এমন আচরণ বা বক্তব্য দেওয়া উচিত নয়, যা শিক্ষার্থীর শারীরিক বা মানসিক যন্ত্রণা কিংবা অপমানবোধের কারণ হয়। সংগঠনটি সব মতাদর্শের শিক্ষকের এ ধরনের আচরণের বিরোধিতা করে। শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ সহনশীলতা দেখানো এবং অতিরিক্ত প্রতিক্রিয়া এড়িয়ে চলা শিক্ষকদের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে সংগঠনটির দাবি, শ্রেণিকক্ষের আলোচনাকে সীমিত পরিসরে সমাধান না করে ধর্মকে ব্যবহার করে ঘটনাটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে। খণ্ডিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে শিক্ষককে অনলাইন বিচারের মুখোমুখি করা হয়েছে বলেও অভিযোগ করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, ৮ অক্টোবর শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেন। এর আগেই ৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ইংরেজি বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভা আহ্বানের উদ্যোগ নেওয়া হয়। পরদিন সকাল ১১টায় অনুষ্ঠিত সভায় তাসনিম সিরাজ মাহবুবের কোর্সগুলো থেকে তাঁকে অব্যাহতি দিয়ে সেগুলো অন্য শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় অংশ নিতে পারেননি। ৮ অক্টোবর বিভাগীয় সভাপতির স্বাক্ষরিত সভার সিদ্ধান্ত তাঁকে জানানো হয়। এরপর বিভাগ তাঁর সঙ্গে অন্য কোনো উপায়ে যোগাযোগ করেনি বলে বিবৃতিতে দাবি করা হয়।

শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির মতে, শিক্ষার্থীর অভিযোগ জানানোর অধিকার যেমন রয়েছে, তেমনি শিক্ষকেরও নিজের বক্তব্য তুলে ধরার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হয়নি বলে দাবি করে তারা।

বিবৃতিতে তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, গালিগালাজ, চরিত্রহননের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়। সংগঠনটির দাবি, এসব ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনাটি রাজনৈতিকভাবে মেরুকরণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ছাত্রশিবির ও ছাত্রী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি। পাশাপাশি কিছু অনলাইন পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মূলধারার সংবাদমাধ্যমের বিরুদ্ধে অপতথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক তিনটি দাবি জানায়। প্রথমত, তাসনিম সিরাজ মাহবুবকে ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করতে হবে।

দ্বিতীয়ত, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও শ্রেণিকক্ষের মতো আনুষ্ঠানিক ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের প্রয়োজনে মুখ ও চোখ দৃশ্যমান রাখার বিষয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার ও দায়িত্ব নির্দিষ্ট করতে হবে।

তৃতীয়ত, অনুমতি ছাড়া শিক্ষকের বক্তব্য ধারণ করে তা অনলাইনে খণ্ডিতভাবে ছড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানোর ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

/ইউএস/
সম্পর্কিত
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সুদানে ড্রোন হামলায় চার শিশুসহ ২৬ নারী নিহত
গতানুগতিক ছাত্রদল, কৌশলী শিবির: ঢাবির ছাত্ররাজনীতি কোন পথে?
সর্বশেষ খবর
রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করতে নির্দেশ
রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করতে নির্দেশ
বুমার মা ও মিলেনিয়াল মেয়ের সম্পর্কে ফাঁটল ধরে যেভাবে
বুমার মা ও মিলেনিয়াল মেয়ের সম্পর্কে ফাঁটল ধরে যেভাবে
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ককরোচ নেতাদের আটকে নারী সদস্যদের কেন পাঠালো দিল্লি পুলিশ
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ