রাজধানীর ডেমরার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গ্যারেজে মেরামতের জন্য রাখা বাসটিতে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, পাশের একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে তা জবির বাসে ছড়িয়ে পড়ে। আগুনে বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায় এবং ভেতরের আসনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হাসান। গ্যারেজের কর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সকালে বনশ্রী পরিবহন নামে একটি বাসে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এ সময় ওই বাসে আগুন লাগে। পরে আগুন পাশের জবির বাসের ছাদে ছড়িয়ে পড়ে।
গ্যারেজের কর্মীরা আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি বাসটি গ্যারেজ থেকে বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও গেট বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, গতকাল আমরা বাসটি মেরামত করতে দিয়েছি। আজ সকালে আগুনের ঘটনা ঘটে। মেরামতের কাজে থাকায় বাসটিতে কোনও শিক্ষার্থী ছিল না। কেউ হতাহত হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বাসটি মেরামতের জন্য গ্যারেজে নেওয়া হয়েছিল।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গরু জবাই