কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সদস্যদের সঙ্গে রাজধানীর পল্লবীতে বন্দুকযুদ্ধে নিহত দুইজনের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যায় জড়িত ছিলেন। অপরজন বগুড়ার শিয়া মসজিদে হামলাকারী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৭ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছেন। ওই হত্যা পরিকল্পনার নেতৃত্বে ছিলেন তিনি। অন্যদিকে বন্দুকযুদ্ধে নিহত আরেকজন সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল বগুড়া শিয়া মসজিদে গুলি চালিয়ে এক জনকে হত্যা করে। তারা দুজনই জেএমবির সদস্য।
মনিরুল ইসলাম বলেন, ‘রাবি শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যায় তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল প্রধান ভূমিকায় ছিলেন। তার বাড়ি জয়পুরহাট। অন্যদিকে শিয়া মসজিদে হামলাকারী ছিলেন সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল। তার বাড়ি দিনাজপুরে।’
সোমবার দিনগত রাতে পল্লবী এলাকায় অস্ত্র উদ্ধার ও জঙ্গি বিরোধী অভিযানকালে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যদের গুলিতে মারা যান এ দুই জন।
আরও পড়ুন-
২০ কোম্পানিকে ওষুধ তৈরি বন্ধের নির্দেশ
রমজানে বিদ্যুৎ-পানির আশ্বাস আছে, বাস্তবতা ভিন্ন
/এআরআর/এফএস/







