
অবশেষে নতুন স্কেলে ঈদ বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রবিবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীর ঈদ বোনাস ছাড়করণে গড়িমসিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন শিক্ষক নেতারা। ঈদ বোনাস দ্রুত ছাড়করণের দাবি জানিয়ে তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
গত শুক্রবার বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষক-কর্মচারী সংগ্রামী ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী মো. নজরুল ইসলাম রনি এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. রিয়াজ উদ্দিন যৌথ বিবৃতিতে ঈদের আগেই নতুন স্কেলে বোনাস দেওয়ার দাবি জানান।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা জানান, ঈদের আগেই শিক্ষকদের বোনাস দেওয়ার চেষ্টা করছেন তারা।
শিক্ষা মন্ত্রণালয় এ আদেশটি জারি করে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদের আগেই বোনাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করলো। এতে শিক্ষকদের মুখে হাসি ফুটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির একাধিক নেতা।
/আরএআর/এসটি/








