কিশোরীদের প্রতি বিনিয়োগে মনোযোগী হতে বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কিশোরী স্বাস্থ্য উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবার।
উল্লেখ্য, প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হলেও এবার রোজা এবং ঈদ উল ফিতরের কারণে সরকারিভাবে দেশে ১১ জুলাইয়ের পরিবর্তে ২১ জুলাই দিবসটি পালন করার সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।
বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষ্যে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এবারে বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দক্ষ যুব জনগোষ্ঠী একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। এদের সংখ্যা ও গুণগত অবস্থার ওপর নির্ভর করে উন্নয়নের সম্ভাবনা। উন্নয়নের ক্ষেত্রে পুরুষ ও নারীকে সমান গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও পৃথিবীর অনেক দেশেই মেয়েরা তাদের স্বাস্থ্য, শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন সংক্রান্ত অধিকার থেকে বঞ্চিত হন। অথচ, মেয়েরা কিশোরী বয়সেই সুযোগ সুবিধা ও পছন্দকে কাজে লাগাতে পারলে তারা পূর্ণ বয়স্ক মানুষের মতো ভবিষ্যতে পরিবার ও সমাজের জন্য অপরিসীম অবদান রাখতে সক্ষম হন। নানা প্রতিবন্ধকতা ও মারাত্মক বৈষম্য তাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় এবং সম্ভাবনা থেকে দূরে ঠেলে দেয়। শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পূর্ণতা পাওয়ার আগে এসব কিশোরীর বিয়ে হয়,গর্ভধারণ করে এবং সন্তান পালনে বাধ্য হয়। এতে করে তাদের মৃত্যুঝুঁকি অথবা দীর্ঘমেয়াদী অসুস্থতার ঝুঁকিও বৃদ্ধি পায়। আর দুর্গম, নৃ-তাত্ত্বিক ও প্রান্তিক জনগোষ্ঠীর কিশোরীদের জন্য সমস্যা আরও প্রকট হয়।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, শতকরা ৮৬ জন কিশোরী বাল্য বিয়ের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়।বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিডিএইচএস-২০১৪ সালের জরিপ অনুযায়ী ১৮ বছর বয়সের আগেই ৫৯ শতাংশ মেয়ের বিয়ে হয়।
প্রতিমন্ত্রী বলেন, কিশোর-কিশোরীদের পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিতে পর্যাপ্ত বিনিয়োগ করতে হবে এবং এই বিনিয়োগের সুফল যেন তারা পায় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
আরও পড়তে পারেন: ২৬ জুলাই নতুন মুদ্রানীতি ঘোষণা
আরও পড়তে পারেন: কাশিমপুর থেকে মুক্তি পেলেন সেই শতবর্ষী বৃদ্ধা
জেএ/এমএসএম /






