গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ হাসিব খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান। গুলশান হামলার বিষয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।
মাসুদুর রহমান জানান, বুধবার রাতে গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসনাত ও তাহমিদকে আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
তিনি আরও জানান, গুলশান আড়ংয়ের সামনের রাস্তা থেকে বুধবার সন্ধ্যা ৭.২৫ মিনিটে হাসনাতকে গ্রেফতার করা হয়। এরপর রাত পৌনে ৯টার দিকে তাহমিদকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
এ দুজনকে বৃহস্পতিবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে বৃহস্পতিবার হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
তাহমিদ হাসিব খান আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে। তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং কানাডার নাগরিক। ১ জুলাই গুলশান হামলার দিনই দুপুরে ঢাকায় আসেন তাহমিদ।
হাসনাত করিমের বাবা মোহাম্মদ রেজাউল করিম। হাসনাত বাংলাদেশ ও ব্রিটেনের দ্বৈত নাগরিক। ব্রিটেনের নাগরিক হলেও সম্প্রতি তিনি দেশে ফিরে এসে বাবার আর্কিটেক্ট ফার্মে পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। গুলশান হামলার দিন মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি হলি আর্টিজানে পরিবার নিয়ে খেতে গিয়েছিলেন।
উল্লেখ্য, ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়। অভিযানের পর ওই রেস্টুরেন্ট থেকে ৩২ জিম্মিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিম্মিদের মধ্যে হাসনাত করিম ও তাহমিদের রহস্যজনক আচরণের কারণে তাদের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার কয়েকদিন পর হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা পুলিশের পক্ষ থেকে জানানো হলেও তাদের অবস্থান জানা যায়নি।
/এনএল/এফএস/








