এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পরদিন অর্থ্যাৎ শুক্রবার থেকে জিপিএ’র পাশাপাশি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন পরীক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বুধবার সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে তার সভাকক্ষে দুপুর ১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করবেন। পরে দুপুর ২টা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/ ) থেকে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এবার থেকে জিপিএ-র সঙ্গে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বরও জানিয়ে দেওয়া হবে বলে আগেই ঘোষণা দিয়েছিলেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, আগে শিক্ষার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তা জানতে পারতো না। কিন্তু এবার থেকে আমরা জিপিএ’র সঙ্গে বিভিন্ন বিষয়ের নম্বর জানতে পারবে।
চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে জিপিএ’র পাশাপাশি সব বিষয়ের নম্বর জানা যাবে। আর অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টে থাকবে মোট নম্বর। ওয়েবসাইটে ট্রান্সক্রিপ্টের মতো করেই সব বিষয়ের আলাদা নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার নম্বর ও জিপিএ থাকবে। ব্যবহারিক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে তাও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রসঙ্গত, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এবার পরীক্ষায় ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় এ বছর বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।
/আরএআর/এএ/








