দেশের শিল্প কলকারখানায় বিশ্বমানের পণ্য উৎপাদনে নিরাপদ কর্মপরিবেশ, মালিক-শ্রমিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার রাজধানীতে বিয়াম মিলনায়তনে আয়োজিত এক অ্যালামনাই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জর্মান ভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড এবং আইএলও এ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মুজিবুল হক চুন্নু বলেন, মালিকের সদিচ্ছা, শ্রমিকের একাগ্রতা এবং পারিস্পারিক আন্তরিকতা বৃদ্ধি পেলে শিল্প ক্ষেত্রে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। সমৃদ্ধ ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে শিল্পোদ্যোক্তা মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শিল্প কারখানায় উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিকের জীবন মানের উন্নয়নে সরকার শ্রমিকদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, প্রশিক্ষণ এবং প্রভিডেন্ট ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার ছিল শ্রমিকসহ মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত, মর্যাদাসম্পন্ন ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক একটি গণতান্তিক রাষ্ট্র গড়ে তোলা। সে লক্ষ্যে বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে তাদের অধিকার ও জীবনমান উন্নয়ন, ন্যূনতম মজুরি নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। দেশের মেহনতি শ্রমজীবী মানুষ এর সুফল পাচ্ছে। উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিক কল্যাণে এমপ্লোয়েমেন্ট ইনজুরি প্রোটেকশন অ্যান্ড রিহ্যাবিলেশন প্রোজেক্ট এবং ইমপ্লিমেন্টেশন অব দি ন্যাশনাল ইমপ্লয়মেন্ট ইনজুরি ইনস্যুরেন্স স্কিম অব বাংলাদেশ নামে সরকার, জিআইজেড এবং আইএলও মিলে দু’টি প্রকল্প হাতে নিয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিজিএমই’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির, বাংলাদেশ এমপ্লেয়ার্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম মাইনুদ্দীন, জার্মান অ্যাম্বাসির চার্জ দা এফেয়ার্স সুথেইস প্রমুখ।
/এসআই/এসএনএইচ/







