সাক্ষীদের প্রলুব্ধের চেষ্টাসহ প্রাণনাশের হুমকি দিয়েছিলেন মীর কাসেম

চট্টগ্রাম প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৬, ১৫:২৯আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৫:৩১

মীর কাসেম আলী

জামায়াত নেতা মীর কাসেম আলী যুদ্ধাপরাধী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শনাক্ত হওয়ার পর থেকেই তার মামলায় সাক্ষ্য না দেওয়ার জন্য সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন। এজন্য ছেলের মাধ্যমে সাক্ষীদের আর্থিক প্রলোভন এবং প্রচ্ছন্নভাবে সাক্ষী ও তার পরিবার সদস্যদের হত্যার হুমকিও দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের টর্চার সেল হিসেবে স্বীকৃত ‘ডালিম হোটেলে’ বন্দি থাকা সাক্ষীরা বাংলা ট্রিবিউনকে মঙ্গলবার এসব কথা বলেছেন।

মঙ্গলবার আপিল বিভাগে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ ও মৃত্যুদণ্ড বহাল রাখা হলে এসব সাক্ষীর মুখে তৃপ্তির রেখা ফুটে ওঠে। তার স্বস্তির নিঃশ্বাস ফেলে একাত্তরের এই নরঘাতক আলবদর নেতার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান। এসময় তার মীর কাসেমের ছেলের মাধ্যমে সাক্ষ্য প্রভাবিত করতে নানা প্রলোভন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনেন।   

মীর কাসেম আলীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন চট্টগ্রামের বাসিন্দা ও মুক্তিযোদ্ধা গ্রুপ কমান্ডার সৈয়দ মোহাম্মদ ইমরান। সাক্ষ্য দেওয়ার আগে মীর কাসেমের লোকজনের কাছ থেকে প্রাণনাশের প্রচ্ছন্ন হুমকি ও প্রলোভনও পেয়েছেন তিনি। একাত্তরে আলবদর বাহিনী পরিচালিত টর্চার সেল ডালিম হোটেলে নভেম্বরের ৩০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্দি ছিলেন তিনি। 

সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, ‘একাত্তরে ডিগ্রি প্রথম বর্ষে পড়তাম। স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলাম। ৩০ নভেম্বর ভোরে মীর কাসেম ও তার লোকেরা আমাদের বাড়ি ঘেরাও করে। আমাকে ও আমার বড় ভাইকে ধরে ডালিম হোটেলে নিয়ে যায়। প্রায় দেড়শ’ মুক্তিযোদ্ধা সেখানে বন্দি ছিলেন। পরে মুক্তিযোদ্ধারা ১৬ ডিসেম্বর এসে সবাইকে মুক্ত করে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘ডালিম হোটেলে অবর্ণনীয় নির্যাতন চলতো। বন্দি অবস্থায় বেশির ভাগ সময়ই চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল আমাকে। লাঠি ও বৈদ্যুতিক তার দিয়ে পেটানো হতো। চট্টগ্রাম শহরে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানার জন্য এই নির্যাতন চলতো। মীর কাসেম নিজেই ডালিম হোটেলের টর্চার ক্যাম্পটি নিয়ন্ত্রণ করতো। সে আমাকেও জিজ্ঞাসাবাদ করেছে।’

তিনি বলেন, ‘মীর কাসেম একজন কিলার, শত শত লোককে মেরেছে। পরে সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলার আসামি হিসেবে চিহ্নিত হলে তা লোকজন সাক্ষ্য না দেওয়ার জন্য আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রচ্ছন্নভাবে প্রাণনাশের হুমকি ও আর্থিক প্রলোভন দেখিয়েছে।’

জয় বাংলা বাহিনীর উপপ্রধান জাহাঙ্গীর চৌধুরী সাক্ষ্য দিয়েছেন মীর কাসেমের বিরুদ্ধে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীর কাসেমের ছেলে সাক্ষ্য না দিতে নানাভাবে প্রলোভন দেখিয়েছে। সব প্রলোভন ও হুমকি উপেক্ষা করে সাক্ষ্য দেই। ২৬ দিন ডালিম হোটেলে বন্দি ছিলাম। সেখানে ছোট জায়গার অনেক বন্দি রাখা হয়েছিল, কোনও শৌচাগার ছিল না। বন্দিদের খাবার বা পানি দিতো না। মীর কাসেমের ফাঁসি  বহাল থাকায় আমি সন্তুষ্ট।’

মুক্তিযুদ্ধ বিষয়ে বেশ কিছু বইয়ের লেখক ও গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, ‘আমি এই ডালিম হোটেলের ভিকটিমদের সাক্ষাৎকার নিয়েছি। যেসব আলবদর এই টর্চার সেল পাহারা দিতো মীর কাসেমকে তারা কমান্ডার হিসেবে সম্বোধন করতো। সেসময় আলবদর বাহিনীর আরও টর্চার সেল ছিল চট্টগ্রামে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, পাঁচলাইশ এলাকার সালমা মঞ্জিল, চামড়ার গুদাম এলাকার দোস্ত মোহাম্মদ বিল্ডিং, দেওয়ানহাট এলাকার দেওয়ান হোটেল, নন্দনকানন এলাকার ইসলামিয়া হোটেল। আলবদর বাহিনীর ও মীর কাসেম আলীর কাজ ছিল টার্গেট কিলিং। চট্টগ্রামে তারা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। হেন কুকর্ম নেই তারা করেনি। পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় তারা এসব চালায়। বুদ্ধিজীবীরা তাদের টার্গেট ছিল। কিন্তু আলবদররা তাদের পায়নি। তবে মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালিয়েছে।’

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরিফ চৌহান বলেন, ‘আমরা ঘাতকের ফাঁসির অপেক্ষা করছি।’ ডালিম হোটেলকে একাত্তরে নির্যাতনের স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান তিনি।

আরও পড়ুন: মীর কাসেমের ফাঁসির রায়ে সন্তুষ্ট ‘ডালিম হোটেলের বন্দিরা’

/এফএস/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম