হজ সম্পর্কে বিভ্রান্তকর তথ্য প্রদানের দায়ে হাব (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সমন্বয় পরিষদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি হাজিদের যথাসময়ে সৌদিআরবে প্রেরণের ব্যবস্থা নিশ্চিত করারও সুপারিশ করেছে।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান), মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম অংশগ্রহণ করেন।
সংসদ সচিবালয় প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ওমরা পালনের ক্ষেত্রে ভবিষ্যতে ক্যাবিনেটে পাসকৃত হজ নীতিমালা অনুযায়ী প্রতিটি এজেন্সির নির্ধারিত ৫০০ জন ওমরা যাত্রী নেওয়ারও সুপারিশ করা হয়।
এছাড়া, কমিটি আগামীতে হজ ফ্লাইট যাতে বাতিল করতে না হয় সেদিকে লক্ষ্য রেখে ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বয় করে ফ্লাইট বুকিংয়ের সুপারিশ করে। একই সঙ্গে হজ ফ্লাইট বাতিলের কারণ নিরুপন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে।
বৈঠকে সরকারিভাবে আরও বেশি যাত্রী যাতে হজে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায়। কমিটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে পদাধিকার বলে ইসলামিক ফাউন্ডেশনের ‘বোর্ড অব গভর্নর্স’ এর ভাইস-চেয়ারম্যান হিসেবে সম্পৃক্ত করার সুপারিশ করে।
বৈঠকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তৈরিকৃত ডায়েরিতে ভবিষ্যতে আরবিতে কোরআনের আয়াত এবং হাদিসের বাণী সংযোজনের বিষয়ে বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণের কথাও বলে।
/ইএইচএস/এমও/








