ফুটবলে দেশের মেয়েরা যা করতে পারছে, ছেলেরা তা পারছে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মেয়েরা ১০ গোল দিয়ে আসছে আর ছেলেরা তো ৫ গোল খেয়ে আসছে। তবে আশা করি একদিন ছেলেরাও পারবে।’
রবিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ২০১০, ২০১১ ও ২০১২ সালে মোট ৩২ জনের হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।
অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বাংলাদেশের মেয়েদের সাফল্য আর জাতীয় পুরুষ দলের ব্যর্থতা নিয়ে প্রধানমন্ত্রী এ রসিকতা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা খেলাধুলায় গুরুত্ব দিচ্ছি বলে মেয়েরা চ্যাম্পিয়ন হচ্ছে। তাদের প্রশিক্ষণের জন্য জায়গা করে দিচ্ছি। প্রতিবন্ধীরাও ভালো করছে। তাদের জন্য আলাদা কমপ্লেক্স করে দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গ্রামে গোল্লাছুট, হা ডু ডু, ডাঙগুলি নামে কয়েকটি খেলা ছিল। এখন সেগুলো আর নেই। এগুলো আবার চালু করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখছি যারা অন্ধ তারাও ট্রফি নিয়ে আসে। তাই আমরা তাদের অংশগ্রহণ নিশ্চিত করছি।’
প্রসঙ্গত, এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। এরপর শেষ ম্যাচে চীনা তাইপেকে ৪-২ গোলে হারিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে জাতীয় পুরুষ ফুটবল দল প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলে হেরে আসে।
/পিএইচসি/এসএনএইচ/এসটি/








