দুর্গাপূজা ও মহরমে সরকার সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সম্পর্কিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আসাদুজ্জামান খানা কামাল বলেন, ‘বাংলাদেশ শান্তিপ্রিয় দেশ। প্রতিবারের মতো এবারও হিন্দু সম্প্রদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব পালন করবে। পূজার প্রতিমা তৈরি, পূজা পালন এবং প্রতিমা বিসর্জনসহ সব ক্ষেত্রে সরকার নিরাপত্তা নিশ্চিত করবে। এজন্য আনসার, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নিয়োজিত থাকবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গত বছর যতগুলো পূজামণ্ডপ ছিলো এবার তার চেয়ে ৩শ’ মণ্ডপ বেশি হবে। প্রতিটি পূজামণ্ডপে চার থেকে আটজন করে আনসার দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি জেলায় পুলিশ ও সীমান্ত জেলায় বিজিবিকে প্রস্তুত রাখা হবে। প্রয়োজন হলে তারাও নিরাপত্তার সঙ্গে যুক্ত হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজা আয়োজকরা এবার রেকর্ড সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। তারা সব সময় স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করবে। এজন্য স্বেচ্ছাসেবকদের পুলিশের নম্বর সরবরাহ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পূজার একদিন পর শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহরম পালনের কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রেও যেন কোনও রকম সমস্যা না হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
বৈঠকে সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিজের আইজিপি শহিদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিজিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসআই/এসএনএইচ/টিএন/








