আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় তথ্য বিনিময় করবে বিজিবি-বিএসএফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১৯:০২আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১৯:০২

বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বিজিবি ও বিএসএফ তথ্য আদান-প্রদান করবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা যাতে এক দেশ থেকে আরেক দেশে সহজে প্রবেশ করতে না পারে, এজন্য সন্ত্রাসীদের প্রতিরোধে একসঙ্গে কাজ করা হবে। এ বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী একে অপরের সঙ্গে তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।’

দিল্লিতে সদ্য সমাপ্ত সীমান্ত সম্মেলনে আলোচ্য বিষয় নিয়ে শুক্রবার সকালে বিজিবি’র সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় পারস্পারিক সহযোগিতার প্রসঙ্গটি উত্থাপন করায় বিএসএফ জানিয়েছে যে, আগেও বিজিবির দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিএসএফ আমাদের দিয়েছে। তারা এটা অব্যাহত রাখবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিককালে আমরা বেশকিছু ইয়াবা আটক করেছি, যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আগে জানতাম ইয়াবা মিয়ানমার থেকে আসে। কিন্তু এখন দেখছি ভারত থেকেও আসছে। এটা আমরা সম্মেলনে বলেছি। হয় ভারতে ইয়াবা উৎপাদন হয়, নয়তো মাদক চোরাকারবারীরা ভারতকে রুট হিসাবে ব্যবহার করছে। বিএসএফ বলেছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘স্থলপথের চেয়ে নৌপথেই মিয়ানমার থেকে বেশি ইয়াবা আসে। এখন যদি ভারত থেকেও আসতে থাকে, তা মাল্টি ডাইমেনশন। বিষয়টি খুবই ভয়াবহ। তাই এটাকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।’

সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের পক্ষে বলা হয়েছে, ইতোপূর্বে করিমগঞ্জে কাঁটাতারের একটা বেড়া নির্মাণ শুরু করেছিল ভারত। বিজিবি সেখানে বাধা দেওয়ায় তারা নির্মাণ কাজ বন্ধ করে দেয়।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘তারা সেখানে বাঁধ নির্মাণেরও চেষ্টা করেছিল। আমরা সেখানে বাধা দেই। কারণ, বাঁধ নির্মাণ করলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। এবার বিএসএফ আমাদের জানিয়েছে, তারা বাঁধ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি, তোমরা যদি আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী কাজ করে থাকো, তাহলে আমাদের কোনও আপত্তি নেই। তারাও আমাদের আশ্বস্ত করেছে,বাঁধ নির্মাণের সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।’

ডিজি বলেন, ‘আরেকটি বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্তবর্তী অনেকগুলো গ্রাম আছে, বিশাল এলাকা। সেসব এলাকার মাদক চোরাকারবারীদের বিএসএফ প্রতিরোধ করতে পারছে না। তাই তাদের (ভারত) এলাকায় তারা কাঁটাতারের বেড়া নির্মাণের কথা বলেছে। শূন্য রেখা থেকে ১৫০ গজ দূরে তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণ করবে। তবে দুদেশের সীমান্তের মধ্যে কিছু গ্রাম রয়েছে। সেখানে গ্রামের মধ্য দিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব না। দেখা যায়, ওইসব গ্রামকে কাঁটাতারের মধ্যে রেখেই দিতে হবে।’

তিনি বলেন, ‘সেক্ষেত্রে আমরাও মানবিক, বিএসএফ’ও মানবিক। আমি আসার আগেও এমন হয়েছে। আমরা যৌথভাবে জরিপের মাধ্যমে এটা করে থাকি।একটা গ্রামকে যদি আলাদা করি তাহলে চোরচালান আরও বাড়বে। তাই গ্রামগুলোকে ভেতরে রেখেই আমরা উভয় দেশ কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এইসব এলাকায় তারা ‘এক স্তর বিশিষ্ট’ কাঁটাতারের বেড়া দেবে।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমাদের আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে  ত্রিপুরা থেকে নর্দমা হয়ে যে পানি আসে, তা বিশুদ্ধ করার জন্য একটি প্ল্যান্ট স্থাপনের কথা তারা আমাদের আগেই জানিয়েছিল। সেটা তারা সেখানে নির্মাণ করবে। এ নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’

ডিজি মন্তব্য করেন, ‘মানবপাচারের বিষয়ে আরও কার্যকর আলোচনা হয়েছে। আমাদের দেশ থেকে নারী ও শিশুদের নিয়ে যাওয়া হয়। সেখানে তারা মানবেতর জীবনযাপন করে বলে জানিয়েছি। এই নারী ও শিশু পাচার যাতে বন্ধ করা যায় এবং এ নিয়ে দুদেশ এক হয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা তাদের বলেছি কোনও সন্ত্রাসীকে আমাদের দেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। এছাড়াও জালমুদ্রা নিয়েও আলোচনা হয়েছে। ভারত থেকে কিভাবে অস্ত্র আসে, সেই বিষয়ে আমাদের কাছে যে তথ্য ছিল, তা তাদের কাছে দিয়েছি। তারা বলছে, বিষয়টি তারা তদন্ত করে দেখবে।’

বিজিবিতে কর্মরত সদস্যদের ২০ জন সন্তানকে প্রতিবছর ভারতের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে বিএসএফ। এতে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সৌহার্দ্য বাড়বে বলে আমি মনে করছি বলেও জানান তিনি।

মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘এছাড়াও সীমান্ত কল্যাণ সমিতির দশ জন প্রতিনিধি এবার ভারতে ভ্রমণে গিয়েছিল। তারা সেখানকার জোয়ানদের সুযোগ সুবিধা দেখেছে। অপরদিকে আমাদের দেশ থেকে ২০ জন শিক্ষার্থী ভারতের সিলং গিয়েছিল। তারা সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেছে। অভিজ্ঞতা শেয়ার করেছে। ভারতীয় শিক্ষার্থীদের একটি গ্রুপও বাংলাদেশে আসবে।’

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিএসএফ জানিয়েছে, আমাদের দেশের অনেক নাগরিক ভারতের বিভিন্ন কারাগারে রয়েছেন। বন্দিদের একটি তালিকা তারা দিয়েছে। আমরা বলেছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’

সীমান্ত সম্মেলন চলাকালে প্রতিবছর সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা কেন ঘটে? প্রশ্নের জবাবে বিজিবি ডিজি বলেন, ‘এটা উদ্দেশ্যমূলক বা কাকতালীয় যেটাই হোকনা কেন আমি মনেকরি, এটা দিয়ে বিএসএফ তাদের পক্ষে কোনও সুবিধা পায় না। বিষয়টা এরকম না। বরং তাদের লোকজন যদি বাংলাদেশের কাউকে হত্যা করে,আমাদের বক্তব্যটা জোড়ালো হয়। এবারও বলেছি, গত এক সপ্তাহে তোমরা চারজনকে হত্যা করেছো। তাদের বিভিন্ন মন্ত্রণালয়ের লোক ছিল। গণমাধ্যম ছিল। এটা তাদের বিরুদ্ধে যায়। এটাতে বিএসএফ কোনও সুবিধা পাচ্ছে না। এটা হয়তো বা কাকতালীয় হতে পারে।’

সীমান্তে গরু চোরাচালানের কারণেই হত্যাকাণ্ড হয়ে থাকে, এ বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘একই ইস্যুতে বিএসএফ’র ডিজি ভারতের সাংবাদিকদের বলেছিলেন,পাঁচশ’ থেকে সাতশ’ গরু বিশাল এলাকা দিয়ে একই সময়ে নিয়ে যাওয়া হয়, তখন চার-পাঁচজন জোওয়ানের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব হয় না। যখন বিএসএফ প্রতিরোধ করতে যায়, তখন চোরাকারবারীরা তাদের আক্রমণ করে। ফলে গুলির ঘটনা ঘটে। তবে এই ঘটনা আমরা মেনে নিচ্ছি না। প্রশ্নই আসে না।’

তিনি বলেন, ‘যে উপলক্ষ নিয়ে হত্যাকাণ্ড ঘটছে। তা প্রতিরোধের কথা আমরা বলেছি। সেদিকে নজর দিতে হবে। গরু চোরাচালান প্রতিরোধ করা গেলে ৯৫ শতাংশ সীমান্ত হত্যা কমে যাবে।’

সীমান্তের হত্যাগুলো আমরা যৌথভাবে তদন্ত করে দেখি। আগে এমন হতো না। আগে প্রতিটি ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে বলে বিএসএফ বলতো। গত মে মাস থেকে যৌথ তদন্ত শুরু হয়েছে। আসল  ঘটনা জানার চেষ্টা করা হয় বলেও তিনি মন্তব্য করেন।

/এআরআর/এসএনএইচ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম