চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর বাংলাদেশ-চীন বন্ধুত্বের স্মারক ও দু’দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ঐতিহাসিক নবযাত্রার সূচনা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এ সময় তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও চীনের সম্পর্ককে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অংশ হিসেবে ৩০ বছর পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার বাংলাদেশ সফর করবেন। এ সফরে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এ চুক্তি সইয়ের ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভৌত অবকাঠামো, সড়ক সেতু, রেল ও জলপথে যোগাযোগ, কৃষিসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘এসব চুক্তি সইয়ের মাধ্যমে দুদেশের মধ্যে সমুদ্র সম্পদসহ দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র সংযোজিত হবে’।
মাহমুদ আলী বলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ অভ্যর্থনা জানাবেন। এছাড়া বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের দুটি জেট চীনের প্রেসিডেন্টের বিমানকে স্কট করে নিয়ে আসবে।’
এ সময় চীনের প্রেসিডেন্টের এই সফর ভারতের ওপর চাপ তৈরি করতে পারে বলে চীনা একটি গণমাধ্যমে সম্পাদকীয় প্রকাশ হওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রীর নজরে আনা হলে তিনি বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, ‘আমরা তা মনে করি না’। পররাষ্ট্র মন্ত্রী বলেন, শি জিনপিংয়ের ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যসহ বিভিন্ন সম্পর্ক নতুন দিগন্তের সূচনা করবে। কিন্তু, এতে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কে এর কোনও প্রভাব পড়বে না।
উল্লেখ্য, চীনের গ্লোবাল টাইমস নামের একটি পত্রিকার সম্পাদকীয়তে চীন-বাংলাদেশের সম্পর্ক ভারতকে চাপে ফেলতে পারে বলে উল্লেখ করা হয়।
সফরকালে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আগামী শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে চীনের প্রেসিডেন্ট ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানান মাহমুদ আলী।
/এসএসজেড/এসএনএইচ/টিএন/








