ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাজে গতি আনতে চালু হলো নতুন ‘নথি ম্যুভমেন্ট পদ্ধতি’। সোমবার বিকালে এই প্রকল্পের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
নথি ম্যুভমেন্ট পদ্ধতি এক ধরনের ডিজিটাল পদ্ধতি, যার মাধ্যমে সচিবালয়ে প্রতিমন্ত্রীর দফতরের সামনে রাখা একটি ডিসপ্লেতে কোন ফাইল কোন কর্মকর্তার টেবিলে রয়েছে তা দেখা যাবে।
উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের স্বচ্ছতা ও কাজের গতিশীলতা বাড়াতে এ ডিজিটাল পদ্ধতি চালু করা হলো। এর মাধ্যমে এই দফতরে আসা ফাইল কোথায় আছে তা যে কেউ জানতে পারবেন। এর ফলে জবাবদিহিতা নিশ্চিত হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ফাইলের স্মারক নম্বর, বিষয় ও কোন কর্মকর্তার কাছে ফাইলটি আছে- এই তিনটি বিষয় ডিসপ্লেতে দেখা যাবে। তবে ফাইলের ভেতরকার কোনও ডকুমেন্ট ডিসপ্লেতে প্রদর্শিত হবে না। কাজেই সরকারের কোনও গোপন বিষয় প্রকাশিত হয়ে পড়ার সম্ভাবনা নেই। যদিও এ বিভাগের কোনও কিছুই গোপন নয়।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে এই প্রথম কোনও মন্ত্রণালয়ে এ পদ্ধতি চালু হলো। ক্রমে বাকি সব সরকারি প্রতিষ্ঠানেও এ পদ্ধতি চালু হবে।
/এসআই/এইচকে/








