জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের জয়-জয়কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ০৩:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৪

জেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন ১৩টি জেলায়। এই নির্বাচনে ৩৯টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই হিসেবে তিন ভাগের এক ভাগ জেলাতেই চেয়ারম্যান পদে দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে পারেনি আওয়ামী লীগ। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে প্রতিটি জেলার রিটার্নিং কর্মকর্তারা এ নির্বাচনের ফল ঘোষণা করেন।
বাংলা ট্রিবিউনের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো জেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল থেকে দেখা যায়, ঢাকা বিভাগের কোনও জেলাতেই বিদ্রোহী প্রার্থীরা চেয়ারম্যান পদে জয়ী হতে পারেননি। এ বিভাগের সবগুলো জেলাতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। এর বাইরে প্রতিটি বিভাগেই কোনও না কোনও জেলাতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিদ্রোহীরা।
এর আগে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই নির্বাচনের ভোটগ্রহণ। তিন পার্বত্য জেলা বাদ দিয়ে বাকি ৬১ জেলায় অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচন। তবে ২২ জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। বাকি ৩৯ জেলায় ভোট দেওয়ার সুযোগ পান স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিরা। এই জেলাগুলোর মধ্যে বগুড়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। বাকি ৩৮ জেলার ২৫টিতেই জয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থীরা। আর ১৩ জেলায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন খুলনা বিভাগে। এই বিভাগের চারটি জেলাতে জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। এর পরই রয়েছে রংপুর বিভাগ। এই বিভাগে চেয়ারম্যান পদে জয়ী বিদ্রোহী প্রার্থীর সংখ্যা তিন। ময়মনসিংহ বিভাগে চেয়ারম্যান হয়েছেন দুজন বিদ্রোহী প্রার্থী। এর বাইরে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের একটি করে জেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিদ্রোহীরা।
খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর ও সাতক্ষীরাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের টেক্কা দিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে চুয়াডাঙ্গায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। মাত্র ১৯ ভোটের ব্যবধানে দলীয় সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান মনজুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী শেখ শামসুল আবেদীন খোকন। মেহেরপুরে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন ২৩ ভোটের ব্যবধানে। এই জেলায় বিদ্রোহী প্রার্থী গোলাম রসুলের ১০৭ ভোটের বিপরীতে দলীয় প্রার্থী মিয়াজান আলী পেয়েছেন ৮৪ ভোট। নড়াইলেও আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীর ব্যবধান খুব বেশি নয়। এই জেলায় স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস পেয়েছেন ২৯৪ ভোট। আর দলীয় প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী পেয়েছেন ২৫৩ ভোট। তবে সাতক্ষীরাতে চেয়ারম্যান পদে বিপুল ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী মুনসুর আহমেদকে পরাজিত করেছেন বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম। জয়ী ও পরাজিত দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিমাণ যথাক্রমে ৬৪৮ ও ১৭৮।
রংপুর বিভাগের গাইবান্ধা, পঞ্চগড় ও নীলফামারীতে চেয়ারম্যান পদের নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে পেরে ওঠেননি দলীয় প্রার্থীরা। তবে তিনটি জেলাতেই শীর্ষ দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ে বিদ্রোহী প্রার্থী মো. আমানুল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১৩ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক পেয়েছেন ১২২ ভোট। গাইবান্ধাতে দুই প্রার্থীর ব্যবধান ছিল ১৮ ভোট। এই জেলায় স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমানের ৩৮৮ ভোটের বিপরীতে দলীয় প্রার্থী সৈয়দ শামস-উল-আলম হিরু পেয়েছেন ৩৭০ ভোট। জেলা পরিষদ নির্বাচনে নীলফামারীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় ঘটেছে। এই জেলায় ৪৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন। তার প্রতিদ্বন্দ্বী দলীয় প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হক পেয়েছেন ৪১১ ভোট।
ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুরে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থীরা পরাজিত করেছেন দলীয় প্রার্থীদের। দুটি জেলাতেই বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন বিপুল ব্যবধানে। এর মধ্যে শেরপুর জেলায় বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর রুমান পেয়েছেন ৫৬৩ ভোট। আর দলীয় প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন ১৭৬ ভোট। জামালপুরে ৯৮৫ জন ভোটারের মধ্যে বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ চৌধুরী ৬০২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট এইচ আর জাহিদ পেয়েছেন ৩৭৩ ভোট।
রাজশাহী বিভাগের রাজশাহী সদর, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল বিভাগের পিরোজপুর ও সিলেট বিভাগের সুনামগঞ্জের বিদ্রোহী প্রার্থীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। রাজশাহী সদরে বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার তার মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহবুব জামান ভুলুর চেয়ে ৩২৭ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দু’জনের প্রাপ্ত ভোট যথাক্রমে ৭৪২ ও ৪১৫। ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ এমদাদুল বারী পেয়েছেন ৫৯৯ ভোট। পিরোজপুরের চেয়ারম্যান পদের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মহারাজ পেয়েছেন ৪২৭ ভোট। এই জেলায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম পেয়েছেন ৩০২ ভোট। সুনামগঞ্জে ৭৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট। তার প্রতিদ্বন্দ্বী দলীয় প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবিন পেয়েছেন ৪২০ ভোট।
প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পরোক্ষ ভোটে। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোটদানের মাধ্যমে নির্বাচিত করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের। বুধবার শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে অপ্রীতিকর ঘটনার তেমন কোনও খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, নির্বাচনের প্রচারণায় ভোট কেনার জন্য নগদ অর্থ ছাড়াও নানা ধরনের উপহার ও উপঢৌকনের ছড়াছড়ি দেখা গেছে অনেক জেলাতেই। কোনও কোনও জেলায় একটি ভোটের জন্য একটি মোটরসাইকেল পর্যন্ত উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও একটি ভোটের জন্য ৫০ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত নগদ অর্থের লেনদেনের খবরও মিলেছে। বেশকিছু জেলাতে প্রার্থীরা নিজেরাও সংবাদ সম্মেলন করেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। অনেক জেলাতে সরাসরি নির্বাচনি কর্মকর্তার কাছেও অভিযোগ দিয়েছেন কোনও কোনও প্রার্থী।

আরও পড়ুন-

দরদামের ভোট!

‘এটা মৌলিক গণতন্ত্রের ভোট, দরদাম করা যায়’ (ভিডিও)

বিভিন্ন জেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

 

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম