গত বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছন ৪ হাজার ১৪৪ জন। ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) এর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মারা গেছেন ১১ জন। গত বছর দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ হাজার ২২৫ জন। যাদের বেশিরভাগই পঙ্গু অবস্থায় কোনও রকম বেঁচে আছেন।
রবিবার নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে একথা জানান।
অশিক্ষিত চালক, ক্রটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তার অপর্যাপ্ততা, রাজনৈতিক সদ্বিচ্ছার অভাব, আইন ও তা যথারীতি প্রয়োগ না করার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছে নিসচা।
প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ৩ জন। সে তুলনায় ২০১৬ সালে নিহতের হার কমেছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। ২০১৬ সালে মোট দুর্ঘটনার সংখ্যা ২ হাজার ৩১৬ টি। যা ২০১৫ সালের তুলনায় ৩১০টি কম।
২০১৬ সালে বাস দুর্ঘটনার সংখ্যা ৭১০টি, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির দুর্ঘটনা ৬৬২টি, প্রাইভেটকার ও মাইক্রোবাসের দুর্ঘটনা ১৯২টি, অটোরিকশা, ইজিবাইক, লেগুনা নসিমন, টেম্পু, ভটভটি, আলমসাধু ও মহেন্দ্রসহ অবৈধ যানবাহনের দুর্ঘটনা ৩৮৭টি।
তবে অনিয়ন্ত্রিত গতি, চালকের অসাবধানতা, মোবাইল ফোনে কথা বলার কারণে এসব ট্রাক দুর্ঘটনায় পড়েছে বলেও জানানো হয়। মোটরসাইকেলে ২৪৯টি এবং রেললাইনে ক্রসিং করার সময় কাটা পড়ার মতো দুর্ঘটনা ঘটেছে ১৮৪ টি।
/আরএরআর/এসটি/








