চিকিৎসা শিক্ষার মৌলিক বিষয়ের শিক্ষক স্বল্পতা দূর করার লক্ষ্যে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ে মন্ত্রীর সভাপতিত্বে এক সভায় এই কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অপর সদস্যরা হলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিএমডিসি’র সভাপতি, বিসিপিএস সভাপতি,বিএসএমএমইউ’র উপ-উপাচার্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চিকিৎসা শিক্ষা) এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা)। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুপারিশ প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সভায় আলোচকরা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়নে চিকিৎসা শিক্ষার মৌলিক বিষয়গুলোতে শিক্ষক সংকট দূর করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। এই বিষয়গুলোতে পড়ার আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থা,পদোন্নতির বিধান শিথিলকরণ, উচ্চতর শিক্ষার সহজ সুযোগ সৃষ্টি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের চুক্তিভিত্তিক নিয়োগসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। আগামী ১০ দিনের মধ্যে আলোচনা করে সুপারিশগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাবনা আকারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কমিটিকে অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।
সভায় স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমএ’র প্রতিনিধি এবং ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিন ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেএ/এএআর/ আপ-এমডিপি/








